সিরাজগঞ্জে প্রার্থীদের হুমকি প্রতিকার চেয়ে আবেদন
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও কাজীপুর উপজেলায় ইউপি চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হওয়ায় দুই প্রার্থীকে হত্যা ও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই দুই প্রার্থী প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশন, জেলা ও পুলিশ প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন।
লিখিত অভিযোগ থেকে জানা গেছে, উল্লাপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খোরশেদ আলম কয়রা ইউনিয়নে ও কাজীপুর উপজেলার নাটুয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক নাটুয়াপাড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হন। এই দুজনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ও প্রচারণা না চালানোর জন্য আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরা হুমকি
দিয়েছেন। সরে না দাঁড়ালে তাঁদের হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।
খোরশেদ আলম অভিযোগ করেন, ‘আমি চারবার চেয়ারম্যান ছিলাম। দলীয় মনোনয়ন না পেলেও এলাকার জনগণের অনুরোধে প্রার্থী হয়েছি। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতা পৌর মেয়র নজরুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবলী ইসলামসহ অনেকেই আমার বাড়িতে এসে হুমকি দিয়ে গেছেন। প্রচার না চালানোর জন্য বলেছেন। আমি প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীসহ নির্বাচন-সংশ্লিষ্ট সব কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি।’ অভিযোগ অস্বীকার করে মেয়র নজরুল ইসলাম বলেন, ‘তাঁকে হুমকি দেওয়ার প্রশ্নই আসে না। আমরা তাঁকে মনোনয়ন প্রত্যাহারের অনুরোধ করেছিলাম মাত্র।’
তোজাম্মেল হক বলেন, ‘আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরা আমাকে নির্বাচন না করার জন্য হুমকি দিচ্ছে। আমার পোস্টার ছিঁড়ে ফেলছে, অশ্লীল গালাগালি করে বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ অবস্থায় আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সে কারণে জেলা প্রশাসকসহ নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছি।’
কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন, নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় তোজাম্মেল হক এসব মিথ্যা অভিযোগ করেছেন।
উল্লাপাড়ার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র নজরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবলী ইসলাম বলেন, হুমকি নয়, খোরশেদ আলমকে প্রার্থিতা প্রত্যাহার করার জন্য বলা হয়েছে মাত্র। তাঁকে হুমকি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দীপ কুমার সরকার প্রথম আলোকে বলেন, একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন বলেন, অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।