সিরাজগঞ্জে প্রিজন ভ্যান উল্টে পুলিশসহ নিহত ২
সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী এলাকায় প্রিজন ভ্যান উল্টে পুলিশের এক কনস্টেবল ও এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় প্রিজন ভ্যানের চালকসহ পুলিশের চার কনস্টেবল আহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন পুলিশের কনস্টেবল মনির হোসেন (৩২) ও পথচারী সূর্য্য মণ্ডল (৬৮)। মনিরের বাড়ি ময়মনসিংহ এবং সূর্য্যের বাড়ি সদর উপজেলার মুলিবাড়ী গ্রামে।
সিরাজগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফোরকান শিকদার জানিয়েছেন, সিরাজগঞ্জের জেলা জজ আদালতে একটি মামলায় হাজিরা দিতে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে দুই আসামিকে নিয়ে একটি প্রিজন ভ্যান (নম্বর ঢাকা মেট্রো-স-১১-০৪২৬) সকালে রওনা হয়। প্রিজন ভ্যানে ছিলেন মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামি জিয়াউর রহমান ও আনোয়ার হোসেন।
প্রিজন ভ্যানটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়ী রেলক্রসিং নামক স্থানে পৌঁছালে এক পথচারীকে বাঁচানোর চেষ্টা করেন চালক। এ সময় প্রিজন ভ্যানটির চালক নিয়ন্ত্রণ হারান। এতে ভ্যানটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। প্রিজন ভ্যানের চাপায় পুলিশ কনস্টেবল মনির ঘটনাস্থলে নিহত হন। প্রিজন ভ্যানের ধাক্কায় পথচারী সূর্য্য গুরুতর আহত হন। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় প্রিজন ভ্যানে থাকা আসামিরা অক্ষত আছেন।
দুর্ঘটনায় প্রিজন ভ্যানের চালকসহ পুলিশের চার কনস্টেবল আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন চালক ছানাউল্লাহ হক (২৮), নুর আলম, এনামুল হক ও মনজুর রহমান। তাঁদের উদ্ধার সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।