সিরাজগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ২৫
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার এ ঘটনা ঘটে। থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদের দিন বিকেলে উপজেলার চক-সাহবাজপুর গ্রামের ফুটবল মাঠে চক-সাহবাজপুর ও চালা গ্রামের লোকজন ফুটবল খেলার আয়োজন করে। খেলা শুরু হওয়ার আগে মাঠে কারা আগে খেলবে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দুই পক্ষের ইদ্রিচ আলী (২০), মাসুদ হোসেন (২৩), রেজাউল ইসলাম (১৮), আবদুস ছাত্তার (৩০), আসর আলী (২৫), মান্নান মিয়া (৩২), ইয়াসমিন হোসেন (৪২), গারল মিয়াসহ ২৫ জন আহত হন।চক-সাহবাজপুর গ্রামের খলিলুর রহমান জানান, ফুটবল খেলা নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে চালা গ্রামের লোকজন হামলা চালালে সংঘর্ষ বাধে। কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তিরা ঘটনা মীমাংসার উদ্যোগ নিয়েছেন।