সিরাজগঞ্জে ফেমাস বাংলার তিন কর্মকর্তা গ্রেপ্তারের পর জেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফেমাস বাংলা ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনা পরিচালকসহ তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের পর গতকাল শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে। প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গতকালই থানায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়।পুলিশ কথিত প্রতিষ্ঠানটির উল্লাপাড়া পৌর শহরের শ্যামলীপাড়ায় অবস্থিত আঞ্চলিক কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জোবায়দা খাতুন, ঢাকার প্রধান কার্যালয়ের কোষাধ্যক্ষ কাম কম্পিউটার অপারেটর ফিরোজা খাতুন, সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। এলাকাবাসী বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন। গতকাল সকালে তেবারিয়া গ্রামের আবদুল মতিন বাদী হয়ে মামলা করার পর বিকেলে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।ফেমাস বাংলায় চাকরি নেওয়া অনেকের সঙ্গে কথা বলে ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত জানুয়ারির শেষের দিকে ঝরেপড়া ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়ার নামে প্রতিষ্ঠানটি উল্লাপাড়ায় কার্যালয় খোলে। আঞ্চলিক ও শাখা ব্যবস্থাপক, সুপারভাইজারসহ শিক্ষক পদে লোক নিয়োগ দেওয়া শুরু করে। প্রতিটি নিয়োগের বিপরীতে নির্দিষ্ট অঙ্কের টাকা জামানত হিসেবে নেওয়া হয়। বিনিময়ে প্রত্যেককে আকর্ষণীয় বেতন ও বিনা মূল্যে শিক্ষার্থীদের পড়ানো হবে বলে প্রচার করা হয়। এভাবে প্রতিষ্ঠানটি গত চার মাসে উল্লাপাড়া, শাহজাদপুর, তাড়াশ, সলঙ্গা উপজেলায় ১০ জন কর্মকর্তা ও ৩০০ শিক্ষক নিয়োগ দেয়। একই সঙ্গে রাজশাহীর বাঘা, পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর, নাটোরের বিভিন্ন উপজেলায় কয়েক শ শিক্ষক ও কর্মকর্তাকে নিয়োগ দিয়ে কয়েক লাখ টাকা জামানত সংগ্রহ করে।গ্রেপ্তার হওয়া জোবায়দা খাতুন বলেন, ‘কিছুদিন হয় এমডি (ব্যবস্থাপনা পরিচালক) পদে কাজ করছি। বেশি কিছু জানি না। আমার স্বামী ইয়াহিয়া লতিফ চেয়ারম্যান পদে রয়েছেন।’ মুঠোফোনে ইয়াহিয়া লতিফ ওরফে মামুনের সঙ্গে যোগাযোগ করলে তিনি নিজেকে ফেমাস বাংলার চেয়ারম্যান দাবি করেন। তিনি বলেন, এটি লিমিটেড কোম্পানি। বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিবন্ধন নিয়ে কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। দেশের অন্যান্য জেলায়ও কর্মকাণ্ড চলছে। তাঁর স্ত্রী ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত নন বলে দাবি করেন তিনি। চাকরির নামে লোকজনের কাছ থেকে কেন টাকা নিচ্ছেন, এমন এক প্রশ্নের জবাবে ইয়াহিয়া লতিফ বলেন, ‘এগুলো জামানত হিসেবে রাখা হয়েছে। তিন বছর পর সুদে-আসলে ফেরত দেওয়া হবে।’উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ বলেন, প্রতিষ্ঠানটির কোনো কাগজপত্র নেই। তারা চারটি জেলার বিভিল্ল এলাকা থেকে ৭০ লাখ টাকা জামানত হিসেবে হাতিয়ে নিয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে। তিনজনকে গতকাল বিকেলে সিরাজগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতুল সরকার বলেন, ‘প্রতিষ্ঠানটির অনুমতিসংক্রান্ত কোনো কাগজপত্র পাওয়া যায়নি। অবৈধভাবে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।’