সিরাজগঞ্জে বধ্যভূমি পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি তদন্ত দল গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জের বিভিন্ন এলাকার বধ্যভূমি ও মানবতাবিরোধী হত্যাকাণ্ড সংঘঠিত হওয়ার স্থান পরিদর্শন করেছে।সহকারী পুলিশ সুপার (এএসপি) মনোয়ারা বেগমের নেতৃত্বে চার সদস্যের তদন্ত দলটি গতকাল সকালে শাহজাদপুর উপজেলার গাড়াদহ গ্রামের জমিদারপাড়ার একটি বধ্যভূমি পরিদর্শন করে। এ সময় তদন্ত দলের সদস্যরা স্থানীয় লোকজন ও মুক্তিযোদ্ধাদের সাক্ষ্য গ্রহণ করেন। মুক্তিযোদ্ধারা ১৯৭১ সালে হত্যাকাণ্ড ও নির্যাতনের বর্ণনা দেন। পরে তদন্ত দলের সদস্যরা শাহজাদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন এবং উপস্থিত প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেন। বিকেলে প্রতিনিধিদলের সদস্যরা জেলার কাজীপুর উপজেলার বরইতলী গ্রামের একটি বধ্যভূমি পরিদর্শন শেষে স্থানীয় বাসিন্দা ও মুক্তিযোদ্ধাদের সাক্ষ্য নেন। এরপর জেলা সদরে উত্তরণ মহিলা সংস্থার কার্যালয়ে জেলার বিভিন্ন এলাকার বীরাঙ্গনাদের সঙ্গে কথা বলেন।প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন পুলিশের পরিদর্শক আবদুর রাজ্জাক খান, জেড এম আলতাফুর রহমান এবং এস এম ইদ্রিস আলী।তদন্ত দলের সদস্য আবদুর রাজ্জাক বলেন, সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বধ্যভূমি পরিদর্শন শেষ হয়েছে। বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধা, প্রত্যক্ষদর্শী, স্থানীয় নারী-পুরুষসহ ৯৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।