সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ধুনটে দুর্ভোগ
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমলেও অভ্যন্তরীণ নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সামগ্রিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। জেলায় ২৪ ঘণ্টায় যমুনার পানি চার সেন্টিমিটার কমে গতকাল বৃহস্পতিবার সকালে তা বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।
এদিকে বগুড়ার ধুনটে যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভূমিমালিকেরা অবৈধ দখল নেওয়ায় বানভাসি লোকজন আশ্রয় না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। দখলদারেরা বানভাসি মানুষের কাছে বাঁধের জমি বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে।
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি সামান্য কমলেও ফুলজোড়, হুড়াসাগর, গুমানী, বড়াল, ইছামতী, দইভাঙ্গাসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে কাজীপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার পানি প্রবেশ করেছে। এদিকে চলনবিলের পানিও বৃদ্ধি পেয়েছে।
কাজীপুর উপজেলার চরাঞ্চলের ছয়টি ইউনিয়নের অধিকাংশ গ্রাম এখনো বন্যার পানিতে ডুবে আছে। এই উপজেলা ঢেকুরিয়া হাট পানিতে ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে এলাকার দোকানপাটসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। বন্যাকবলিত এলাকায় বিভিন্ন ফসলও পানিতে তলিয়ে গেছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ধুনট উপজেলা যমুনা নদীর ভাঙনরোধে ২০১১ সালে প্রায় দুই কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ভান্ডারবাড়ী থেকে মাধবডাঙ্গা গ্রাম পর্যন্ত দুই হাজার মিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়।
ওই বাঁধ নির্মাণ করার আগে স্থানীয় ভূমিমালিকদের কাছ থেকে প্রতি শতক সাত হাজার টাকায় জমি অধিগ্রহণ করা হয়। নির্মাণকাজ শেষ হওয়ার পরই ওই সব ভূমিমালিক তাঁদের নিজ নিজ স্থানে বাঁধের ঢালু অংশে বেড়া ও গাছ লাগিয়ে দখল করে নেন। ফলে নদী ভাঙন ও বানভাসি মানুষ বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিতে পারছে না।
অভিযোগ উঠেছে, বাঁধের অবৈধ দখলদারেরা বানভাসি মানুষের কাছে নির্দিষ্ট সময়ের জন্য জমি বিক্রি করছে। বাঁধে ছাপড়া ঘর তোলার জন্য তাদেরকে ২০ থেকে ৩০ হাজার টাকা করে দিতে হচ্ছে। আর যারা টাকা দিতে পারছে না তাদেরকে পরিবার ও গবাদিপশু নিয়ে পানির মধ্যেই বসবাস করতে হচ্ছে।
পুকুরিয়া গ্রামের ইয়াছিন আলী বলেন, তাঁর ঘরবাড়িতে সাত দিন ধরে বন্যার পানি প্রবেশ করেছে। টাকা না থাকায় গরু-ছাগল নিয়ে পানির মধ্যেই থাকতে হচ্ছে। ভুমারী গ্রামের জহুরুল ইসলাম বলেন, বন্যায় ঘরবাড়ি তলিয়ে গেছে। টাকা দিয়ে জায়গা কিনতে না পেরে গরু-ছাগল নিয়ে পানিতেই থাকতে হচ্ছে। এতে তিনি চরম কষ্টের মধ্যেআছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ইয়াছিন ও জহুরুলের মতো ভূতবাড়ী ও পুকুরিয়া গ্রামের এক হাজার মানুষ অর্থের অভাবে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিতে পারছে না।
পুকুরিয়া গ্রামের শামীম হোসেন বলেন, তিনি ভূতবাড়ী গ্রামের আবদুল হান্নানের কাছ থেকে ২০ হাজার টাকার বিনিময়ে বাঁধের পাশে দুটি ঘর তুলে আশ্রয় নিয়েছেন। অনেকে টাকা দিতে না পারায় বাঁধে আশ্রয় নিতে পারেননি।
অবৈধ ভূমি বিক্রেতা আবদুল হান্নান টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, বাঁধে ঘর নির্মাণের জন্য ২০ থেকে ৩০ হাজার টাকা করে নেওয়া হচ্ছে।
ভান্ডারবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল করিম বলেন, অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বগুড়া পাউবির নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার বলেন, বাঁধের জমি দখল করে কেউ বিক্রি করতে পারে না। এটা করে থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান জানান, তদন্ত করে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।