সিরাজগঞ্জে বন্যানিয়ন্ত্রণ বাঁেধ ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসময়ে যমুনা নদীর ভাঙনে সিরাজগঞ্জের সদর উপজেলার বালুঘুঘরি এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধের ৫০ মিটার ধসে গেছে। বাঁধের আরও প্রায় ৩০০ মিটার ভাঙনের ঝুঁকির মুখে রয়েছে।

 একইভাবে বগুড়ার ধুনটে ভান্ডারবাড়ী ইউনিয়নে ভাঙন রোধে নির্মাণাধীন যমুনার ডান তীর সংরক্ষণ প্রকল্পের ৭০০ মিটার অংশ ভেঙে গেছে। এতে প্রায় ৫০ হাজার বালুভর্তি বস্তা নদীগর্ভে চলে গেছে।

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের বালুঘুঘরি এলাকার অনেকের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বাঁধটি সংরক্ষণের কোনো ব্যবস্থা না নেওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। পাউবো ও এলাকাবাসী সূত্র জানায়, গত বছর বালুঘুঘরি এলাকায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে পাউবো ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে। যমুনা নদীর পানি নিম্নপর্যায়ে থাকলেও গত শুক্রবার থেকেআকস্মিকভাবে ওই এলাকায় ভাঙন শুরু হয়। ভাঙনের তীব্রতা বেড়ে দক্ষিণ দিকে এক কিলোমিটার দীর্ঘ এলাকার নদীর তীর ধসে যেতে শুরু করেছে। শনিবার বিকেলে এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধের ৫০ মিটার অংশ ধসে যায়। এর পর থেকে বাঁধের ওপর দিয়ে জনসাধারণের চলাচল বন্ধ হয়ে গেছে। পাশাপাশি বাঁধের ভাঙা অংশের দুই পাশে প্রায় ৩০০ মিটার বাঁধ ঝুঁকির মুখে রয়েছে। রোববার থেকে ভাঙন এলাকায় বালুভর্তি বস্তা ফেলা হচ্ছে।

বালুঘুঘরি এলাকার বাসিন্দা ইয়াকুব আলী ও শিক্ষক আইয়ুব আলী জানান, সংরক্ষণ না করায় বাঁধের একটি অংশ ধসে গেল। এখন আবার নতুন করে বাঁধ নির্মাণ করতে হবে।

এ বিষয়ে সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান জানান, যমুনায় চর জেগে ওঠায় পানি বাধাগ্রস্ত হয়ে আড়াআড়িভাবে এই এলাকায় (এক কিলোমিটার) আঘাত হানছে। এ কারণে নিচ থেকে মাটি সরে ওপরের মাটি ধসে যাচ্ছে। গত অক্টোবর মাস থেকে এ অবস্থার শুরু। এর মধ্যেও কিছু বালুর বস্তা ফেলা হয়েছে। নকশা বিভাগের নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। ভাঙনের পরিধি যাতে না বাড়ে, সে জন্য বালুর বস্তা ফেলা হচ্ছে। আগামী বছর যাতে বাঁধের অভ্যন্তরে পানি না ঢোকে, সে জন্য নতুন করে বিকল্প বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খননযন্ত্র দিয়ে চর কেটে পানির গতিপথ পরিবর্তন করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বগুড়া পাউবো সূত্র জানায়, ধুনটের ভান্ডারবাড়ী ইউনিয়নের কৈয়াগাড়ি বরইতলী গ্রামের কাছে ভাঙন রোধে প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প নেওয়া হয়। বগুড়ার ঠিকাদার লিয়াকত আলী প্রকল্পটি বাস্তবায়নের কাজ করছেন। দুই সপ্তাহ ধরে প্রকল্প এলাকায় নদীর পাড়ের ঢালে কাজ করা হচ্ছে। এ অবস্থায় শনিবার বিকেলে হঠাৎ সেখানে ভাঙন দেখা দেয়। এরপর ২৪ ঘণ্টায় পাঁচটি স্থানে প্রায় ৭০০ মিটার এলাকা ভেঙে নদীগর্ভে বিলীন হয়। এভাবে প্রায় ৫০ হাজার বালুভর্তি বস্তা নদীগর্ভে চলে গেছে। সেপ্টেম্বর মাসে নদীর এই স্থানে ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে এই বস্তাগুলো ফেলা হয়।

ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম বলেন, চলতি বছরের সেপ্টেম্বর মাসে যমুনার ভাঙনে কৈয়াগাড়ি ও বরইতলী গ্রামের ৪০টি পরিবারের বাড়িঘর বিলীন হয়। এ কারণে সেখানে জরুরি ভিত্তিতে ৫০ হাজার বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হয়েছে।

বগুড়া পাউবোর সহকারী প্রকৌশলী হারুনার রশিদ বলেন, বর্ষার সময় ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে সেখানে বালুর বস্তা ফেলা হয়েছে। তবে সেই কাজ নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্পের মধ্যে নয়।

বগুড়া পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী আবদুল মোতালেব বলেন, যমুনা নদীর পানি কমে স্রোতের গতি বেড়েছে। তাই নদীর প্রবল স্রোতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে পাড়ে আঘাত করছে। রোববার বিকেল থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান ভাঙন এলাকায় বালুভর্তি বস্তা ফেলছে।