সিরাজগঞ্জে বাঁধে ধস, অর্ধশতাধিক ঘর বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে দুই দিন ধরে যমুনা নদীর পানি বাড়ায় নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে কাজীপুর উপজেলার মাইজবাড়ী গ্রামে যমুনার ডান তীর সংরক্ষণ বাঁধের প্রায় ৫০ মিটার এলাকা ধসে গেছে।
এ ছাড়া চৌহালী উপজেলা সদরে বিএডিসির গুদামঘর, ৫০টি গাছসহ অর্ধশতাধিক ঘর নদীগর্ভে বিলীন হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সিরাজগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, কাজীপুরের মাইজবাড়ী ইউনিয়নের মাইজবাড়ী গ্রামে গতকাল সকাল সাতটার দিকে ১০ মিনিটের ব্যবধানে বাঁধের ৫০ মিটার অংশ ধসে যায়। এলাকার বেশ কয়েকজন বলেন, ধস অব্যাহত থাকায় পুরো বাঁধ এবং আশপাশের বাড়িঘর হুমকির মুখে পড়েছে।
চৌহালী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জুয়েল সরকার জানান, গতকাল ভোরে উপজেলা সদরে বিএডিসির একটি পাকা গুদামঘর, উপজেলা পরিষদের কার্যালয়ের প্রাচীর, উপজেলা পরিষদ চত্বরে থাকা বন বিভাগের নার্সারির প্রায় ৫০টি বড় মেহগনি গাছসহ গত দুই দিনে উপজেলা পরিষদ কার্যালয়ের আশপাশের অর্ধশতাধিক ঘর নদীগর্ভে বিলীন হয়েছে। অনেকে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন।