সিরাজগঞ্জে বাঁধের ভাঙন পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী
সিরাজগঞ্জ সদরের বাহুকায় যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভেঙে যাওয়া এলাকা গতকাল সোমবার পরিদর্শন করেছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
পানিসম্পদমন্ত্রী আনিসুল বলেন, যদি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের গাফিলতিতে বাঁধ ভেঙে থাকে, তাহলে বিভাগীয় তদন্ত করে খতিয়ে দেখা হবে। প্রমাণ পেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বন্যায় নদী এলাকার আশপাশের মানুষ যাতে কষ্ট না পায় ও নিরাপত্তায় থাকতে পারে, সরকার সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। এলাকার মানুষকে নদীর ভাঙনের হাত থেকে রক্ষায় সিমলা থেকে খুদবান্দি পর্যন্ত ৪৫০ কোটি টাকা ব্যয়ে স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণের একটি প্রকল্প নিয়েছে। একনেক মিটিংয়ে প্রকল্পটি পাস হওয়ায় পর এ বছরই প্রকল্পের কাজ শুরু হবে।
এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীর প্রতীক, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, রাজশাহী জোনের পাউবোর প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী প্রমুখ।