সিরাজগঞ্জে বাস খাদে, নিহত ৩
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় যাত্রীবাহী একটি বাসের সামনের চাকা ফেটে উল্টে খাদে পড়ে ৩ জন নিহত এবং ১৫ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে নগরবাড়ী-বগুড়া মহাসড়কে উপজেলার পাটধারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বাসের যাত্রী উল্লাপাড়া ডিগ্রি কলেজের প্রভাষক রফিকুল ইসলাম (৪০), সলঙ্গা থানার পাটধারী গ্রামের আবুল হোসেনের ছেলে আবদুল্লাহ (২৮) ও বাগডা গ্রামের শুকুর আলীর ছেলে আসাদুল ইসলাম (৩৫)। আবদুল্লাহ ও আসাদুল পেশায় ভ্যানচালক।
হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শাহজাদপুর থেকে সিরাজগঞ্জ রোডে যাওয়ার পথে তালুকদার পরিবহন নামের যাত্রীবাহী বাসটি পাটধারী এলাকায় চলন্ত অবস্থায় সামনের ডান পাশের চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের ওপর দাঁড়ানো দুটি রিকশাভ্যানকে চাপা দিয়ে সড়কের পশ্চিম পাশের খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে এলাকাবাসী গিয়ে বাসটি উদ্ধার করেন।
এ ঘটনায় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন ভ্যানচালক নিহত এবং ১৫ জন যাত্রী আহত হন। আহত যাত্রীদের হাসপাতালে নেওয়ার পথে অপর যাত্রী মারা যান।