সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত
সিরাজগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকটির চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন বাসযাত্রী। গতকাল বুধবার ঢাকা-বগুড়া মহাসড়কে সলঙ্গার পাঁচলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে গত মঙ্গলবার জেলার সদর উপজেলার সয়দাবাদ এলাকায় বাসের চাপায় ইউসুফ আলী (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, গতকাল বেলা আড়াইটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে সলঙ্গার পাঁচলিয়া এলাকায় নারায়ণগঞ্জ থেকে পাবনার ঈশ্বরদীগামী এমপি সাফারী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি সড়কের পাশে উল্টে পড়ে। ঘটনাস্থলেই ট্রাকের চালক (৩৫) ও তাঁর সহকারী (২৫) নিহত হন। তাঁদের পরিচয় পাওয়া যায়নি। সংঘর্ষে বাসের ১৫ জন যাত্রী আহত হয়েছেন। তাদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব হোসেন বলেন, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে সোনালী পরিবহনের একটি বাস বেলকুচি থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে পথে সয়দাবাদ কাঁঠালতলা এলাকায় পৌঁছে একটি মোটসাইকেলকে সামনে থেকে চাপা দেয়। মোটরসাইকেলের চালক ইউসুফকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ইউসুফ সদর উপজেলার পঞ্চসোনা গ্রামের আবদুল আলিমের ছেলে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। ঘাতক বাসটিকে পুলিশ আটক করেছে।