সিরাজগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুরকা কালিতলায় ঢাকা-বগুড়া মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, ঢাকা থেকে রংপুরগামী বাসটির সঙ্গে ঘুরকা কালিতলায় বিপরীত দিক থেকে আসা মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশে উল্টে পড়লে ঘটনাস্থলে তিনজন নিহত হন। তবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি।

ওসি এমদাদুল হক আরও জানান, দুর্ঘটনায় আহত ১৫ জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে, কিন্তু চালক পালিয়ে গেছেন।