সিরাজগঞ্জে বাসের ধাক্কায় দুজন নিহত
সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত ও একজন আহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কাছে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন এনায়েতপুর থানার চারাবাড়ি গ্রামের আবুল কালাম (৫০) ও বেলকুচি উপজেলার মুকুন্দগাতি গ্রামের বেলাল হোসেন (৩০)। আহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আজ সকালে কালাম, বেলাল ও অপর এক ব্যক্তি মোটরসাইকেলে করে এনায়েতপুর থেকে সিরাজগঞ্জ যাচ্ছিলেন। ভোর সাড়ে ছয়টার দিকে তাঁরা মুলিবাড়িতে পৌঁছালে একটি বাস পেছন থেকে তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক বেলাল নিহত হন। আহত অবস্থায় কালাম ও অপর ব্যক্তিকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল নয়টার দিকে কালামের মৃত্যু হয়।
ওসি আমিনুল ইসলাম আরও জানান, বাসটি আটক করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।