সিরাজগঞ্জে বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জেলা বিএনপির ডাকে সিরাজগঞ্জে আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
সকালে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের মঈনউদ্দিন হাসপাতালের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন বিএনপির কর্মীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান।
এদিকে শহরের এসবি ফজলুল হক রোডের পৌর কাঁচাবাজারের সামনে একটি ট্রাক ভাঙচুর করেছেন হরতালকারীরা।
হরতালের কারণে শহরের এম এ মতিন কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আন্তজেলা বা দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক হয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
শহরের অধিকাংশ দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শহরে কিছু সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করছে। এ ছাড়া জেলার অন্যান্য উপজেলা থেকে এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খরব পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ফোরকান  শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল রোববার সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সভায় হরতালের ডাক দেওয়া হয়।