কুমিল্লায় বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর
সিরাজগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের রাবার গুলি, আহত ১২
সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের রাবার গুলিতে ১২ নেতা-কর্মী আহত হয়েছেন। এদিকে, কুমিল্লার মনোহরগঞ্জে গত শুক্রবার রাতে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বাড়ি, বিএনপির কার্যালয়, বিএনপি-সমর্থিত লোকজনের বাড়িঘর এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের ইবি রোডে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করেন জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। তবে পুলিশের বাধায় তা ভন্ডুল হয়ে যায়। একই সময় এসএস রোড এলাকা থেকে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমানের নেতৃত্বে এবং হোসেনপুর এলাকা থেকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক মির্জা আবদুল জব্বারের নেতৃত্বে পৃথক দুটি মিছিল বের হয়। হোসেনপুর এলাকা থেকে মিছিলটি ফজলুল হক রোড হয়ে চামড়াপট্টি এলাকায় পৌঁছালে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে রাবারের গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
পুলিশের ছোড়া রাবার গুলির আঘাতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১২ নেতা-কর্মী আহত হন। তাঁরা হচ্ছেন ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল ইসলাম, যুবদলের কর্মী তুহিন, লেলিন, বুলবুল, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসমত আলী, ছাত্রদলের কর্মী রাসেল, বাবু, ইউসুফ, মিম, ছোট বাবু ও হাসান। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তিপূর্ণভাবে মিছিল বের করলে পুলিশ অন্যায়ভাবে আমাদের মিছিলে গুলিবর্ষণ করেছে।’
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা দাবি করেন, মিছিলে অংশগ্রহণকারীরা সড়কে যানবাহন ভাঙচুর এবং পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ কারণে রাবার গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার সন্ধ্যার পর কুমিল্লার মনোহরগঞ্জে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপজেলার বড় কেশতলা বাজারে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিছিল বের করেন। মিছিল শেষে তাঁরা দলীয় কার্যালয়ে বসে চা-নাশতা খাচ্ছিলেন। এ সময় কে বা কারা কার্যালয়ে ঢিল ছোড়ে। ওই ঘটনার জেরে বিএনপির নেতা-কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা ও ভাঙচুর করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে ওই বাজারের এক ব্যবসায়ী জানান, রাত সাড়ে আটটার দিকে একটি চায়ের দোকানে আওয়ামী লীগ ও বিএনপির দুই সমর্থকের মধ্যে কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে রাত সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৫-৩০ জন কর্মী বাজারের পাশে অবস্থিত ঝলম (উত্তর) ইউপির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবদুল হাইয়ের বাড়িতে হামলা চালান। হামলাকারীরা বাড়ির ফটক ভাঙচুর করেন এবং ভেতরে প্রবেশের চেষ্টা চালান। এ সময় তাঁর স্ত্রীসহ অন্যদের চিৎকারে আশপাশের বাড়ির লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পিছু হটেন। একপর্যায়ে তাঁরা কেশতলা বাজারে হামলা চালিয়ে বিএনপির কার্যালয়, চেয়ারম্যানের ভাইয়ের একটি ডেকোরেটর, একটি মুদি দোকানসহ বিএনপি-সমর্থিত আরও তিনজনের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করেন। এ
ছাড়া, বাজারের পাশে বিএনপির সমর্থক আবদুল জব্বারের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়।
ইউপি চেয়ারম্যান ও বিএনপির নেতা মো. আবদুল হাইয়ের অভিযোগ, বিনা উসকানিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মীরা এই তাণ্ডব চালান। এ ব্যাপারে জানতে ঝলম (উত্তর) ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন ওরফে বাবুলের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী এই ব্যাপারে মুঠোফোনে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।