সিরাজগঞ্জে বিএনপির হরতাল কাল
সিরাজগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোকাদ্দেস আলীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি গোটা জেলায় কাল রোববার অর্ধদিবস হরতাল ডেকেছে।জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে মোকাদ্দেস আলীকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাঁকে সিরাজগঞ্জে আনার পর গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্র জানায়, ১৫ জুন সিরাজগঞ্জ পৌরসভায় দরপত্রবাজির ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও আওয়ামী লীগের নেতা হাবীবে মিল্লাতের ক্লিনিক, বাসা, তিনটি মোটরসাইকেল ভাঙচুরসহ ক্লিনিকের যন্ত্রপাতি লুটপাট করা হয়। সংঘর্ষের ঘটনায় সদর থানায় মামলা করা হয়। এই মামলার আসামি হিসেবেই পুলিশ মোকাদ্দেস আলীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে। জেলা বিএনপির সভাপতি ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, মোকাদ্দেস উচ্চ আদালত থেকে জামিনে থাকার পরও পুলিশ তাঁকে অবৈধভাবে গ্রেপ্তার করেছে। এর প্রতিবাদে রোববার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালনসহ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হারুন জানান, মেয়র মোকাদ্দেসকে মামলার ২১ নম্বর আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি জামিন পেয়েছেন বলে দাবি করা হলেও প্রমাণপত্র পাওয়া যায়নি।