সিরাজগঞ্জে বিএনপির ১০ নেতা-কর্মী কারাগারে
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির ১০ নেতা-কর্মীকে নাশকতার মামলায় কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার দুপুরে ওই নেতা-কর্মীরা সিরাজগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো নেতা-কর্মীরা হলেন উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবদুস সামাদ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল আজিজ, সাধারণ সম্পাদক কালু শেখ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোখদম আলী, ইউনিয়ন যুবদলের সহসভাপতি সুলতান মাহমুদ, বিএনপির কর্মী আবদুল মান্নান, শহিদুল ইসলাম, বাচ্চু শেখ ও সুমন শেখ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ৫ জানুয়ারি উল্লাপাড়া উপজেলা বিএনপি ও জামায়াতের প্রায় দুই শতাধিক নেতা-কর্মী নগরবাড়ি-বগুড়া মহাসড়কের ওপর অবস্থান নিয়ে যানবাহনে হামলা, ভাঙচুর ও নাশকতামূলক কর্মকাণ্ড চালান। এ ঘটনায় উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এম আকবর আলীসহ বিএনপি ও জামায়াতের শতাধিক নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন।