সিরাজগঞ্জে বিদ্যুৎ বিতরণে বৈষম্যের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শিয়ালকোলে অবস্থিত (বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের) পিডিবির গ্রিড থেকে বিদ্যুৎ বিতরণে বৈষম্যের অভিযোগ উঠেছে। পিডিবি সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিকে (পবিস) প্রাপ্ত বরাদ্দের চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ করলেও পিডিবি নিজেদের চাহিদার প্রায় পুরো বিদ্যুৎ নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফলে পবিসের আওতাধীন এলাকায় লোডশেডিংয়ের মাত্রা বাড়ায় সেখানকার শিল্পপ্রতিষ্ঠানগুলোয় উৎপাদন কমে গেছে।সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, গ্রাহক ও পিডিবি সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ সদর, রায়গঞ্জ, তাড়াশ, কাজীপুর ও কামারখন্দ—এই পাঁচটি উপজেলায় সিরাজগঞ্জ পবিসের আওতায় প্রায় পাঁচ হাজার শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। এখানে বাণিজ্যিক ও আবাসিক মিলে প্রায় দেড় লাখ সংযোগ রয়েছে। এ ছাড়া সেচযন্ত্রের সংযোগ আছে প্রায় ১০ হাজার। সেচ মৌসুম শেষ হওয়ায় বর্তমানে বিদ্যুতের চাহিদা কমে সর্বোচ্চ ব্যবহারের সময় (পিক আওয়ার) ৪৫ মেগাওয়াট এবং পিডিবির নিয়ন্ত্রণাধীন শহর এলাকায় চাহিদা ১৫ মেগাওয়াট। কিন্তু পিডিবির সিরাজগঞ্জ গ্রিড থেকে পবিসকে ১০ থেকে ১৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। অপর দিকে নিজেদের নিয়ন্ত্রণে বণ্টনের ক্ষমতা থাকায় পিডিবি তার চাহিদার প্রায় পুরো বিদ্যুৎই নিচ্ছে। যে কারণে এই পাঁচটি উপজেলার ছয়টি উপকেন্দ্রের চারটি ফিডারে প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা করে লোডশেডিং করতে হচ্ছে। এতে শিল্পপ্রতিষ্ঠানগুলোয় উৎপাদন ব্যাহত এবং আবাসিক গ্রাহকদের ভোগান্তি হচ্ছে।শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে এসিআই, মতিন কটন মিলস, গণস্বাস্থ্য টেক্সটাইলস মিলসের প্রতিনিধিসহ বিভিন্ন চালকলের মালিকেরা বলেন, চাহিদামতো বিদ্যুতের অভাবে উৎপাদন কম হওয়ায় লাভ তো দূরের কথা, এখন শুধু লোকসান হচ্ছে। অথচ জেলা শহরে পিডিবির আওতাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলো চাহিদামতো বিদ্যুৎ পাচ্ছে। পবিস আমাদের বিদ্যুৎ দিতে না পারার বিষয়ে পিডিবিকে দায়ী করছে। এ বিষয়ে একাধিকবার অভিযোগ করেও কোনো লাভ হয়নি।পবিস সিরাজগঞ্জের মহাব্যবস্থাপক শহীদুজ্জামান বলেন, পবিস জেলার সিংহভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে। বর্তমানে প্রতিটি ফিডারে ১০ থেকে ১২ মেগাওয়াট করে বিদ্যুৎ প্রয়োজন। যেভাবে পিডিবির কাছ থেকে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে, তাতে একটি ফিডার সম্পূর্ণ এবং আরেকটি ফিডার আংশিক চালু রাখা সম্ভব। যে কারণে অনেক ফিডারে দীর্ঘ সময় ধরে লোডশেডিং থাকছে।পিডিবি সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণকান্ত রায় জানান, শহরে শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা থাকায় একটু প্রাধান্য দিতে হয়। তা ছাড়া যেমন বরাদ্দ পাওয়া যায় সেভাবেই পবিসকে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। শহরে সরবরাহ একটু বেশি দেওয়া হলেও প্রতিদিন কয়েক ঘণ্টা করে লোডশেডিং করতে হচ্ছে।সিরাজগঞ্জ-৩ আসনের (রায়গঞ্জ-তাড়শ) সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার বলেন, তাঁর নির্বাচনী এলাকায় বিদ্যুৎ সরবরাহে বৈষম্যমূলক আচরণের ব্যাপারে তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী বরাবর অভিযোগ করেছেন।পিডিবি রাজশাহী বিভাগীয় কার্যালয়ের প্রধান প্রকৌশলী আরজাদ হোসেন বলেন, ‘সিরাজগঞ্জের বিষয়টিকে গুরুত্ব দিয়ে অতিরিক্ত বিদ্যুৎ বরাদ্দ দেওয়া হবে। আশা করি, পরবর্তী সময়ে বৈষম্য দূর হবে। আর কোনো সমস্যা হবে না।’