সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত
সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় খুঁটি স্থাপন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত ও চারজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার ধানগড়া গ্রামের হারুন মিয়া (৩০) ও বগুড়ার সান্তাহারের ওয়াজেদ আলী (৩৫)। আহত ব্যক্তিরা হলেন নূর আলম, রতন, আলমগীর ও আবদুল হালিম। তাঁদের বাড়ি বগুড়া ও গাইবান্ধায়।সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ও প্রত্যক্ষদর্শীদের সূত্র থেকে জানা গেছে, গতকাল মেসার্স শওকত হোসেনের ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড় এলাকায় বিদ্যুতের লাইনের একটি খুঁটি পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় ব্যবহূত চেইন ও অন্যান্য যন্ত্রপাতি বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে পড়ে কর্মরত ছয় শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে হারুন ও ওয়াজেদ নিহত এবং চারজন আহত হন। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. মজনু মিয়ার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক তুষার কান্তি দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাজ করার সময় বিদ্যুতের লাইন বন্ধ করা হয়নি। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় সদর থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।