সিরাজগঞ্জে বিধবার গায়ে এসিড নিক্ষেপ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী গ্রামের বিধবা জরিনা বেওয়ার (৪৪) ওপর গত শুক্রবার রাতে এসিড নিক্ষেপ করা হয়েছে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জহুরুল হক নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।জরিনা অভিযোগ করেন, তাঁর ভাগনে সোহরাব হোসেন, নজরুল ইসলাম ও জহুরুল হকের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি তাঁদের নামে জমি লিখে দিতে বললে তিনি অস্বীকার করেন। এ ঘটনায় সোহরাব, নজরুল ও জহুরুল ক্ষিপ্ত হন। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে ওত পেতে থাকা ওই তিনজন তাঁর গায়ে এসিড ছুড়ে মারেন। এসিডে তাঁর বুক, গলা ও পিঠ ঝলসে যায়।গতকাল শনিবার সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে ব্র্যাকের সহায়তায় জরিনা বেওয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।সিরাজগঞ্জের সিভিল সার্জন আবদুর রাজ্জাক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জরিনাকে তরল নাইট্রিক এসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হারুন জানান, এ ঘটনায় জরিনার ছেলে রুহুল মামলা করেছেন। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।