রাজশাহীতে কাল, কুমিল্লা-সিরাজগঞ্জে পরশু হরতাল

সিরাজগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে সাকমান নামের একজন নিহত এবং জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নূর কায়েম সবুজকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সিরাজগঞ্জে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা বিএনপির পক্ষ থেকে প্রচার ও দপ্তর সম্পাদক হারুন অর রশিদ খান হাসান এ ঘোষণা দেন।
এদিকে কুমিল্লায়ও বৃহস্পতিবার আধা বেলা ও রাজশাহীতে কাল বুধবার আধা বেলা হরতাল ডাকা হয়েছে।
সিরাজগঞ্জ: হারুন অর রশিদ খান ঘোষণায় বলেন, নিহত সাকমান সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি চলাকালে নির্বিচারে গুলি চালিয়ে পুলিশ তাঁকে হত্যা করেছে। একই সময় জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নূর কায়েম সবুজকে পুলিশ আটক করেছে। এ ঘটনার প্রতিবাদে দলীয় সিদ্ধান্তে ২৮ নভেম্বর ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টা সিরাজগঞ্জ জেলায় হরতাল আহ্বান করা হয়েছে।
এদিকে বিএনপির পক্ষ থেকে নিহত সাকমানকে যুবদলের নেতা দাবি করা হলেও তাঁর সঙ্গে থাকা অন্যরা জানান, তিনি কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী নন, তিনি একজন রাজমিস্ত্রি ছিলেন।
রাজশাহী: মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগরের সভাপতি মিজানুর রহমান মিনু এ হরতালের ডাক দেন। তিনি বলেন, বিনা উসকানিতে পুলিশ মিছিলের পেছনে রাবার বুলেট ছোড়ে। এতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও শফিকুল হক মিলনসহ অন্তত ৭০ নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে শফিকুল হক মিলন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। এসব প্রতিবাদে আগামীকাল রাজশাহীতে আধা বেলা হরতাল ডেকেছে মহানগর বিএনপি।
কুমিল্লা: শহর বিএনপির সাধারণ সম্পাদক ও আদর্শ সদর উপজেলা বিএনপির দুই নেতাকে আটক এবং ছাত্রদলের কর্মী দেলোয়ার হোসেনকে হত্যার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল ডেকেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি।দলের সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া আজ বিকেল সোয়া চারটায় প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেন।