সিরাজগঞ্জে বেড়েই চলেছে বন্যার পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের যমুনা নদীতে পানি আরও বৃদ্ধি পেয়ে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত বিপৎ​সীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে জেলার ৮৩টি ইউনিয়নের মধ্যে ২৬টি ইউনিয়নের ৯২টি গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। চরাঞ্চলে নদীভাঙনে ঘরবাড়ি হারিয়ে অসংখ্য মানুষ বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন।

সিরাজগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসান ইমাম জানান, গত ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধি পেয়ে আজ সকাল ছয়টা পর্যন্ত বিপৎ​সীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ বৃদ্ধি আরও কয়েক দিন অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্ট, চায়না বাঁধ, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও স্পার এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এসব এলাকা বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

আজ সোমবার শাহজাদপুর উপজেলার যমুনা নদীর তীরবর্তী দেওয়ান তারুটিয়া, সদরের পাচঠাকুরী, কাজীপুরের শুভগাছাসহ চরাঞ্চলের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, বাঁধের ভেতরে বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। গ্রামের রাস্তা পানিতে ডুবে যাওয়ায় চলাচল বন্ধ হয়ে গেছে। শাহজাদপুরের নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ জানান, প্লাবিত এলাকায় জনপ্রতিনিধিদের সহায়তা নিয়ে সরকারি কর্মকর্তা নিয়োগ করে তালিকা তৈরির জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ওয়ালী খান জানান, পাঁচটি উপজেলার জন্য ত্রাণসামগ্রী হিসেবে নগদ তিন লাখ টাকা ও ছয় মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এগুলো সংশ্লিষ্ট উপজেলাতে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তারা বিতরণ শুরু করেছেন। এ ছাড়া বন্যাদুর্গত মানুষের জন্য ১৩৯টি বন্যা আশ্রয়কেন্দ্র তৈরি করে রাখা হয়েছে।