সিরাজগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার দিয়ারকালিয়া আমতলা এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের শহিদুল ইসলাম (৪০)। এ ঘটনায় র্যাব একজনকে গ্রেপ্তার করেছে। এদিকে শাহজাদপুর উপজেলার কাশীনাথপুর গ্রামের একটি পুকুরপাড় থেকে গতকাল গৃহবধূ আসমা খাতুন (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।সদর থানার পুলিশ জানায়, ধান ব্যবসায়ী শহিদুল ইসলাম গতকাল দুপুরে নিজের জমির ধান কেটে নিয়ে দিয়ারকালিয়া আমতলা মোড়ে এলে একদল সন্ত্রাসী তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। সদর থানার উপপরিদর্শক (এসআই) শিবু মিয়া জানান, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। এ ঘটনায় র্যাব-১২-এর সদস্যদের হাতে একজন গ্রেপ্তার হয়েছে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, ভোররাতে কাশীনাথপুর গ্রামের সাদ্দামের স্ত্রী আসমা খাতুনের লাশ একটি পুকুরপাড় থেকে উদ্ধার করা হয়। পুকুরটি তাঁর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে। গৃহবধূর শরীর ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আসমার ভাই আজিম থানায় হত্যা মামলা করেছেন। স্বামী সাদ্দামসহ ওই পরিবারের সবাই পলাতক।