সিরাজগঞ্জে ভাঙচুর ও অবরোধ, আটক ৬
সিরাজগঞ্জে গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধের মধ্য দিয়ে আজ বুধবার জামায়াতের ডাকা হরতাল চলছে। পুলিশ জামায়াত-শিবিরের ছয় কর্মীকে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ ভোরে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের তেলকুপি এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।
একই সময়ে ওই সড়কের বহুলি বাজারে একটি নছিমন গাড়ি ভাঙচুর করে সড়ক অবরোধ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। র্যাব সদস্যরা তাঁদের ধাওয়া করে একজনকে আটক করে। এ ছাড়া ভোরে সলঙ্গা থানার নলকা গ্রামে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের পাঁচ কর্মীকে আটক করে পুলিশ।
শহরের অধিকাংশ দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, র্যাব ও বিজিবির টহল জোরদার রয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা হরতাল চলাকালে জামায়াত-শিবিরের ছয়জনকে আটকের বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন। সড়ক-মহাসড়কসহ বিভিন্ন স্থানে পুলিশের টহল বাড়ানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।