সিরাজগঞ্জে ভূমিহীন পরিবারের সমাবেশ, মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে ভূমিহীনদের ওপর ভূমিদস্যুদের হামলা, নির্যাতনের প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার, বিচার ও সরকারি সম্পত্তি রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন হয়েছে।
গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় সিরাজগঞ্জ আদালত চত্বর এলাকায় উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার ১৩০ ভূমিহীন পরিবারের নারী-পুরুষেরা এসব কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
ভূমিহীন বাস্তুহারা সংগ্রাম কমিটির আহ্বায়ক কমরেড নবকুমার কর্মকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জহুরুল ইসলাম, রহিজ উদ্দিন, আবদুল হাকিম, কুলসুম বেগম, মোতালিব হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সলঙ্গা থানার মাহমুদপুর গ্রামের ১৩০টি ভূমিহীন পরিবার ৩২ বিঘা সরকারি জমি ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস এবং পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু বর্তমানে জমির দিকে নজর পড়েছে এলাকার প্রভাশালী ব্যক্তিদের। তাঁরা ভুয়া দলিল করে ওই জমি নিজেদের দখলে নিতে মরিয়া হয়ে উঠেছেন। গত ১ জুলাই স্থানীয় প্রভাবশালী ও ভূমিদস্যুরা জায়গা দখলের জন্য সন্ত্রাসী বাহিনী নিয়ে বাড়িঘরে হামলা করে পাঁচটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ৩০-৪০টি বাড়িতে ভাঙচুর চালায়। পরে ভূমিহীন ব্যক্তিরা আদালতে মামলা করেন। কিন্তু পুলিশ আজও আসামিদের না ধরায় তারা ভূমিহীন পরিবারগুলোকে নানা ভয়ভীতি প্রদর্শন করছে।
সলঙ্গা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মামলাটির তদন্ত চলছে। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।