সিরাজগঞ্জে ভেজাল জ্বালানি তেলের ডিপোর সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের নগরবাড়ী-বগুড়া মহাসড়কে মহেশপুর এলাকায় ভেজাল পেট্রল ও অকটেনের একটি ডিপোর সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এর সঙ্গে জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১২ সিরাজগঞ্জের কোম্পানি অধিনায়ক মোহাম্মদ শহিদুল্লাহ জানান, জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীতে একটি চক্র দীর্ঘদিন ধরে ভেজাল পেট্রল ও অকটেন তৈরি করে বিভিন্ন পাম্পে সরবরাহ করে আসছে, এমন সংবাদের ভিত্তিতে র্যাব বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত দেড়টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ-সড়কের মোর্শেদ পাম্প স্টেশন থেকে নয় হাজার লিটার কেরোসিন ভর্তি একটি ট্যাংকলরি আটক করে। তবে লরির চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। পরে তেলের চালানের ঠিকানা অনুযায়ী বাঘাবাড়ীর মামুন এন্টারপ্রাইজের মালিক মামুনকে আটক করা হয়। তাঁর স্বীকারোক্তি মতে উল্লাপাড়া উপজেলার মহেশপুর এলাকা থেকে টিপু সরকারের ভেজাল তেল তৈরির কারখানা সন্ধান পায় র্যাব। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) একটি সূত্র জানায়, দেশের বিভিন্ন গ্যাসক্ষেত্র থেকে পাওয়া তলানি (কনডেন্সসেট) ব্যক্তিমালিকানাধীন কিছু শোধনাগারে নিয়ে পরিশোধন করে তারপিন তেল (এমটিটি বা মিনারেল তারপেন তাইন), কেরোসিন ও ডিজেল উত্পাদন করে। নিয়ম অনুয়ায়ী এই সব জ্বালানি তেল বিপিসি-নিয়ন্ত্রিত তিনটি জ্বালানি তেল কোম্পানির (পদ্মা, মেঘনা, যমুনা) কাছে নির্দিষ্ট দরে বিক্রির কথা। অভিযোগ আছে, বেশি দামের আশায় এসব কনডেন্সসেট শোধনাগারে উত্পাদিত জ্বালানি তেল চোরাই পথে বিভিন্ন পেট্রলপাম্পে চলে যাচ্ছে। পাম্পে দেওয়ার আগে এসব জ্বালানিতে কিছু কিছু রাসায়নিক পদার্থও মেশানো হয় বলে জানা গেছে। এ রাসায়নিক পদার্থ মেশানোর জন্য দেশের বিভিন্ন এলাকায় ছোটখাটো কিছু তেলের ডিপোও গড়ে তোলা হয়েছে।আইন অনুযায়ী বিপিসির অনুমোদনহীন কোনো ডিপো কিংবা পাম্পে জ্বালানি তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। সিরাজগঞ্জে সন্ধান পাওয়া ডিপোটি এ ধরনের চোরাই তেলের কোনো ডিপো হতে পারে বলে বিপিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন।বাঘাবাড়ী থেকে সিরাজগঞ্জ সড়ক পর্যন্ত নগড়বাড়ী-বগুড়া মহসড়কের দুই পাশে সাতটি বড় এবং প্রায় অর্ধশতাধিক ছোট ঘরে এ ভেজাল তেল তৈরি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ চক্রকে সহায়তাকারী কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে জানান, এ তেল বিক্রি করে লাভের হার বেশি হলেও পুলিশ প্রশাসনের অনেককেই এ ভাগ দিতে হয়। র্যাবের হাতে আটক মামুন স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, তাঁর তেল ক্রয়-বিক্রয় করার লাইসেন্স নেই। চট্টগ্রামের জালালাবাদ রিফাইনারি কারখানা থেকে এ তেল নিয়ে শাহজাদপুর ফিলিং স্টেশন, সুফিয়া পেট্রলপাম্প, দিনাজপুর পেট্রল ফিলিং স্টেশনসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পেট্রলপাম্পগুলোতে সরবরাহ করা হতো। এ ব্যবসার সঙ্গে বাঘাবাড়ী এলাকার লিটন, বাবু, নূর ইসলাম, হারুন, মোমিনসহ আরও কয়েকজন জড়িত বলে তিনি জানান। এদিকে এই তেলের নমুনা সংগ্রহ করতে আসা বিএসটিআইএর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন, নমুনা পরীক্ষার পরে বিস্তারিত জানা যাবে।