সিরাজগঞ্জে মাদ্রাসা অধ্যক্ষকে তিন বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ শামসুল আলমকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। নিজের ছেলের দাখিল পরীক্ষার খাতা বাড়িতে নিয়ে অন্য লোক দিয়ে লেখানোর দায়ে তাঁর এ শাস্তি হয়।
সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক মো. জুলফিকার উল্লাহ ১৪ জানুয়ারি এ রায় দেন। রায়ে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও নয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় শামসুল আলম আদালতে উপস্থিত ছিলেন। ওই দিনই তাঁকে কারাগারে পাঠানো হয়। এ পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার তাঁকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৩ সালে দাখিল পরীক্ষায় সিরাজগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ তাঁর ছেলে মাহমুদুল হাসানের নামে নিবন্ধন ও পরীক্ষার ফরম পূরণ করেন। মাহমুদুল আলিয়া মাদ্রাসার ছাত্র ছিল না। প্রতিদিন পরীক্ষা শুরুর আগে পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা এক শিক্ষককে দিয়ে অধ্যক্ষ প্রশ্ন ও উত্তরপত্র বের করে নিতেন। ছেলের জায়গায় অন্য লোক দিয়ে মাদ্রাসাসংলগ্ন নিজ বাড়িতে খাতায় উত্তর লেখানোর ব্যবস্থা করেন। পরীক্ষা শেষে বাড়িতে লেখা উত্তরপত্র পরীক্ষা কেন্দ্রে নিয়ে অন্য উত্তরপত্রের সঙ্গে প্যাকেট করে মাদ্রাসা বোর্ডে পাঠাতেন।
ঘটনা জানাজানি হলে ওই মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান ওই বছরের ২৬ ফেব্রুয়ারি পরীক্ষা চলাকালে সরেজমিনে ঘটনার সত্যতা পান। অনুসন্ধানের প্রাথমিক পর্যায়ে শামসুল আলম দাবি করেন, তাঁর ছেলে মাহমুদুল হাসান পরীক্ষায় অনুপস্থিত। পরে জালিয়াতির বিষয়টি প্রমাণিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন বলেন, মামলার রায় ঘোষণার পর গতকাল শামসুল আলমকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে।