সিরাজগঞ্জে মিল্ক ভিটার কর্মকর্তাদের কক্ষে তালা
মিল্ক ভিটার পুনর্বহাল করা ৭৬ কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতার দাবিতে শ্রমিকেরা গতকাল রোববার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী কার্যালয়ের কর্মকর্তাদের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন।এ ছাড়া গতকাল পঞ্চম দিনের মতো কারখানা থেকে ঢাকায় দুধ পাঠানো বন্ধ থাকে। একই সঙ্গে মিল্ক ভিটাও খামারিদের কাছ থেকে দুগ্ধ সংগ্রহ বন্ধ করে দিয়েছে। এদিকে দুধ সরবরাহ ও সংগ্রহ স্বাভাবিক রাখার দাবিতে এলাকার খামার মালিক ও সমবায়ীরা শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন। পরবর্তী ৩৬ ঘণ্টার মধ্যে কর্তৃপক্ষ দুধ সংগ্রহ কার্যক্রম স্বাভাবিক করতে না পারলে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুমকি দিয়েছেন। তাঁরা জানান, ঢাকায় দুধ সরবরাহ করতে না পারায় এ অঞ্চলের সমবায়ী ও খামারিরা তাঁদের উৎপাদিত দুধ নিয়ে বিপাকে পড়েছেন। অনেকে পানির দামেও দুধ বিক্রি করতে পারছেন না।শাহজাদপুর সিরাজ প্লাজায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলার রেশমবাড়ী প্রাথমিক দুগ্ধ সমবায় সমিতির সভাপতি আবদুস সামাদ ফকিরের সভাপতিত্বে এলাকার বিভিন্ন খামার মালিক ও সমবায়ীরা উপস্থিত ছিলেন। বাঘাবাড়ী কারখানার ব্যবস্থাপক ইদ্রিস আলী জানান, বর্তমানে দুধ সংগ্রহ ও সরবরাহ বন্ধ রয়েছে। শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতাসহ বিভিন্ন বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। কার্যালয় তালাবদ্ধ করায় এখন বাসায় অফিসের কার্যক্রম করা হচ্ছে। তবে দুধ সংগ্রহ বন্ধ থাকলেও অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।