সিরাজগঞ্জে মিল্ক ভিটার সমবায়ীদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন মিল্ক ভিটার পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর জেলার প্র্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সদস্যরা নয় দফা দাবিতে গতকাল বুধবার সমাবেশ করেছেন। দাবি মানতে সরকারের প্রতি ৪ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন তাঁরা। এর মধ্যে দাবি মানা না হলে পয়লা রমজান থেকে সিরাজগঞ্জের বাঘাবাড়ীতে মিল্ক ভিটার দুগ্ধ কারখানা থেকে সমবায়ীদের দুধ ঢাকায় পাঠানো বন্ধ থাকবে বলেও তাঁরা ঘোষণা দেন।সমবায়ীদের দাবির মধ্যে রয়েছে—সমবায়ীদের দুধের দাম বাড়ানো, গো-খাদ্যের ওপর ভর্তুকি প্রদান, মিল্ক ভিটার মহাব্যবস্থাপককে অপসারণ, অ্যাডহক কমিটি বাতিল করে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আয়োজন, দুর্নীতিবাজ কর্মকর্তাদের চাকরি থেকে অপসারণ, প্রতিষ্ঠানের অভিজ্ঞ কর্মকর্তাদের মধ্যে থেকে মহাব্যবস্থাপক নিয়োগ, অন্যায়ভাবে চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহাল, উৎপাদিত দুধের ক্ষেত্রে কোটা প্রত্যাহার ও চিকিৎসার ক্ষেত্রে সরকারি ওষুধ সরবরাহ।সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মিল্ক ভিটার বাঘাবাড়ী দুগ্ধ কারখানাসংলগ্ন উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের টার্মিনাল চত্বরে এই সমাবেশ হয়। মিল্ক ভিটার তিন জেলার প্রাথমিক দুগ্ধ সমবায় সমিতির পাঁচ হাজারের বেশি সমবায়ী এতে উপস্থিত ছিলেন। সমবায়ীদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।সমাবেশ শুরুর আগে বেলা ১১টায় বাঘাবাড়ী মিল্ক ভিটা ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের জ্বালানি তেল বিপণন কেন্দ্রের প্রধান ফটকসংলগ্ন পাবনা-ঢাকা মহাসড়কের ওপর বসে পড়ে অবরোধ করেন সমবায়ীরা। এক ঘণ্টার অবরোধে মহাসড়কের দুই পাশে কয়েক শ যান আটকা পড়ে। পরে স্থানীয় সাংসদ চয়ন ইসলাম ও উল্লাপাড়ার সাংসদ শফিকুল ইসলামের আশ্বাসে সমবায়ীরা অবরোধ তুলে নেন।সমাবেশের প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও চরনবীপুর প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি চয়ন ইসলাম। শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পাঠানপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদন সমবায় সমিতির সভাপতি মো. হাসিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ শফিকুল ইসলাম, পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বাকি বিল্লাহ, সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, মিল্ক ভিটার সাবেক চেয়ারম্যান আবদুর রাজ্জাক ও হাসিব খান, সাবেক পরিচালক খলিলুর রহমান, উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ প্রমুখ।সভাপতির বক্তব্যে হাসিবুর রহমান অভিযোগ করেন, এই এলাকার ৪৫০টি প্রাথমিক দুগ্ধ সমবায় সমিতির পক্ষ থেকে এর আগে সরকারের কাছে লিখিতভাবে এসব দাবি জানানো হয়েছিল। কিন্তু সরকার সাড়া দেয়নি। সমবায়ীদের একত্র হয়ে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।সমবায়ীদের সমাবেশ ও অভিযোগের জবাবে মিল্ক ভিটার মহাব্যবস্থাপক নাসিম আহমেদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সমবায়ীদের পথভ্রষ্ট করতে একটি চক্র উঠেপড়ে লেগেছে। প্রতিষ্ঠানটি লাভজনকভাবে এগিয়ে চলছে। এই চক্রটি লুট করে খাওয়ার জন্য মিছিল সমাবেশ করে আন্দোলন করছে।’সমবায়ীদের আন্দোলনে সমর্থন জানিয়ে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ বলেন, ‘সমবায়ীদের দাবি পূরণ করা না হলে আমরা বাঘাবাড়ী তেল ডিপো থেকে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেব।’