সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের জমি দখলের অভিযোগ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের পাঁছগাছি গ্রামে দুস্থ মুক্তিযোদ্ধাদের নামে ইজারা নেওয়া ৩০ বিঘা জমি সন্ত্রাসীরা দখল করে নিয়েছে। এই জমিতে সন্ত্রাসীরা এখন চাষাবাদ শুরু করেছে।এ ঘটনায় ভুক্তভোগী মুক্তিযোদ্ধারা ১৮ অক্টোবর অভিযোগ করেছেন জেলা প্রশাসকের কাছে। এ ছাড়া একজন মুক্তিযোদ্ধা গত মঙ্গলবার আদালতে মামলা করেছেন। অভিযোগ পেয়ে জেলা প্রশাসক কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।লিখিত অভিযোগ এবং মামলার বিবরণ থেকে জানা গেছে, উপজেলার সোনামুখি ইউনিয়নের পাঁছগাছি গ্রামের কৃষ্ণ গোবিন্দপুর মৌজার ১ নম্বর খতিয়ানভুক্ত প্রায় ৩০ বিঘা জমি ১৯৯২-৯৩ সালে উপজেলার দুস্থ ও ভূমিহীন ৯ জন মুক্তিযোদ্ধার মধ্যে সরকারিভাবে স্থায়ী ইজারা দেওয়া হয়। এরপর থেকে ওই জমিতে তাঁরা চাষাবাদ করে আসছিলেন। এই জমির মধ্যে ১৫ বিঘাতে মেহগনি, আম, ইউক্যালিপটাসসহ নানা প্রজাতির চারাগাছ রোপণ করা হয়। গত মাসে স্থানীয় সন্ত্রাসীরা চারাগাছগুলো কেটে ফেলে। এরপর সন্ত্রাসীরা ওই ১৫ বিঘাসহ মুক্তিযোদ্ধাদের ইজারা নেওয়া মোট ৩০ বিঘা জমিতে জোরপূর্বক ফসল আবাদ শুরু করে। মুক্তিযোদ্ধারা এর প্রতিবাদ করলেও কোনো কাজ হয়নি। তাই তাঁরা জেলা প্রশাসকের কাছ অভিযোগ দায়ের করেন। এ ছাড়া এ ঘটনায় শুভগাছা গ্রামের মুক্তিযোদ্ধা আবদুস সালাম তিনজনকে আসামি করে সিরাজগঞ্জ বিচারিক আদালতে মামলা করেন।উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইউনুস আলী অভিযোগ করে বলেন, ‘স্থানীয় প্রভাবশালী সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধাদের জমিগুলো দখল করার জন্য উঠেপড়ে লেগেছে। এরা চারাগাছ কেটেই ক্ষান্ত হয়নি, সেসব স্থানে আবাদ শুরু করে দিয়েছে। আমাদের ভয়ভীতি প্রদর্শন করছে।’দখলকারীদের মধ্যে বারিক মিয়া, আবদুল খালেক বলেন, ‘জমিগুলো আমাদের পৈতৃক। একসময় জমিগুলো নদীতে চলে যাওয়ার পর আবার চর জাগলে এগুলো খাস খতিয়ানভুক্ত হয়। যেহেতু জমিগুলো আমাদেরই ছিল, সে কারণে এখন চর জাগার পর আমরাই এগুলোর দাবিদার।’জেলা প্রশাসকের কাছে করা অভিযোগের তদন্ত কর্মকর্তা কাজিপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বাতেন বলেন, জমিগুলো মুক্তিযোদ্ধাদের। এলাকার কতিপয় লোকজন গাছগুলো কেটে আবাদ করেছে। বিষয়টি স্থানীয়ভাবে সুরাহা করার জন্য রাজনৈতিক নেতারা চেষ্টা চালাচ্ছেন।