সিরাজগঞ্জে মুঠোফোনে মিলছে না স্বাস্থ্যসেবা
সিরাজগঞ্জ জেলার আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুঠোফোনে জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রম ভেস্তে যেতে বসেছে। বেশির ভাগ সময়ই মুঠোফোনের এসব নম্বর বন্ধ থাকে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।অভিযোগ যাচাইয়ের জন্য এ প্রতিবেদক গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে জেলার আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মুঠোফোনের নম্বরে ফোন করেন। এ সময় চৌহালী, উল্লাপাড়া ও কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকার ২০০৯ সাল থেকে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে মুঠোফোনে স্বাস্থ্যসেবা কার্যক্রমের আওতায় আনে। রোগীদের তাৎক্ষণিকভাবে চিকিৎসাসেবা দেওয়ার জন্য এ কার্যক্রম শুরু করা হয়। চিকিৎসকদের অবহেলায় সিরাজগঞ্জের আটটি হাসপাতালে এ কার্যক্রম ভেস্তে যেতে বসেছে বলে অভিযোগ পাওয়া গেছে।কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মুঠোফোনের নম্বরে ফোন করলে শাহিনুর বেগম নামের একজন চিকিৎসা সহকারী কলটি গ্রহণ করেন। তিনি জানান, তিনিই এখন রোগীদের পরামর্শ দেওয়ার দায়িত্ব পালন করছেন।এমবিবিএস বা অ্যাডহকের চিকিৎসকেরা দায়িত্ব পালন করছেন কি না—জানতে চাইলে শাহিনুর বেগম বলেন, ‘দায়িত্ব বণ্টন তালিকায় সব চিকিৎসা কর্মকর্তা নির্দিষ্ট সময়ে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন। তালিকার সময়সূচি অনুযায়ী এ সময় চিকিৎসা কর্মকর্তা ফাতেমার থাকার কথা, কিন্তু এখন তিনি নেই। তাই আমি দায়িত্ব পালন করছি।’ওই সময় (সন্ধ্যা সোয়া সাতটা) কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, চিকিৎসক বাইরে অবস্থান করায় হাসপাতালে যেতে দেরি হচ্ছে। অল্প সময়ের মধ্যেই তিনি চলে আসবেন।চৌহালী উপজেলার উমরপুর গ্রামের হাশেম আলী বলেন, ‘জরুরি প্রয়োজনে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেশ কয়েক দিন ফোন করেছিলাম, কিন্তু মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।’চৌহালী স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা নাহিদ রেজা বলেন, ‘রাজশাহীতে একটি সেমিনারে গিয়েছিলাম। সেখান থেকে চৌহালী যাওয়ার কথা থাকলেও যেতে পারিনি। আমার দায়িত্ব থাকায় ও হাসপাতালে অনুপস্থিত থাকায় মুঠোফোন বন্ধ রাখা হয়েছে।মী কাল (গত শনিবার) থেকে চালু থাকবে।’কাজীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. আরবার হোসেন জানান, মুঠোফোন বন্ধ থাকার কথা নয়। তার পরও কেন বন্ধ রাখা হচ্ছে—এ বিষয় তদন্ত করে দেখা হবে। একই কথা বলেন উল্লাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা।সিরাজগঞ্জের সিভিল সার্জন নাজিমুদ্দীন খান জানান, যখন যে চিকিৎসক জরুরি বিভাগের দায়িত্বে থাকবেন, তাঁর কাছে সরকারি মুঠোফোনটি থাকবে—বিষয়টি সবাইকে পত্র মারফত অবগত করা হয়েছে। কেউ এ দায়িত্বে অবহেলা করলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এটি সরকারি সিদ্ধান্ত।