সিরাজগঞ্জে মেইল ট্রেনের ইঞ্জিনসহ ৫ বগি লাইনচ্যুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদী থেকে ঢাকাগামী রাজশাহী এক্সপ্রেস মেইল ট্রেন ৫৫১-এর ইঞ্জিনসহ পাঁচটি বগি গতকাল শনিবার সকালে লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ প্রায় নয় ঘণ্টা বন্ধ হয়ে যায় এ ঘটনার পর।
পাবনার ঈশ্বরদী-ঢাকা রেলপথের সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে ইকোপার্কের কাছে এ দুর্ঘটনা ঘটে। ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি করেছে রেলওয়ে পশ্চিমাঞ্চল।
একাধিক সূত্রে জানা গেছে, গতকাল ভোর সোয়া চারটার দিকে মেইল ট্রেনটি (বেসরকারিভাবে পরিচালিত) ঈশ্বরদী থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। এটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করার পর সোয়া আটটার দিকে স্টেশন ছেড়ে যায়। বঙ্গবন্ধু সেতুতে ওঠার আগে ইকোপার্কের রেললাইনের ক্রস সিগন্যাল সংযোগের কাছে সকাল আটটা ১৮ মিনিটে এটির ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হয়। তবে ট্রেনটি লাইন থেকে ছিটকে পড়েনি।
ট্রেনের পরিচালক মো. আজিমুল হোসেন বলেন, হঠাৎ শব্দ করে ট্রেনটি থেমে যায়। তবে ধীরগতিতে চলার কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
খবর পেয়ে পশ্চিম রেলওয়ের মহাব্যবস্থাপক মো. আবদুল আওয়াল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। বেলা সাড়ে ১১টা থেকে রিলিফ ট্রেন উদ্ধারকাজ শুরু করে।
লাইনচ্যুত ইঞ্জিন ও বগিগুলো সরিয়ে নেওয়ার পর বিকেল পৌনে পাঁচটার দিকে ওই রেলপথে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।