সিরাজগঞ্জে যমুনা থেকে বালু উত্তোলন চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে জোড়া খুনের ঘটনার পর যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেওয়া হলেও চৌহালি উপজেলার এনায়েতপুর থানা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছেই। এলাকাবাসী গত ৯ সেপ্টেম্বর জেলা প্রশাসকসহ পুলিশ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করার পর বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেওয়া হয়।লিখিত অভিযোগ ও বিভিন্ন সূত্রে জানা যায়, এনায়েতপুর থানার খোকশাবাড়ি গ্রামের খোরশেদ সরকার, হাবীব সরকার, আল্লেক চান সরকার, আবু হোসেন সরকার ও ইউপি সদস্য মোস্তফা সরকার দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছেন। এলাকাটি এমনিতেই যমুনার ভাঙনকবলিত। তার ওপর অবৈধভাবে বালু উত্তোলন করায় ভাঙন আরও তীব্র আকার ধারণ করেছে। ইতিমধ্যে এনায়েতপুরের কোচগ্রাম, বিনদহ, বেতিলচর, চাঁদপুর, সন্তোষা, আড়কান্দিসহ বিভিন্ন গ্রামের বিস্তীর্ণ এলাকার ফসলি জমিসহ বসতভিটা নদীতে বিলীন হয়েছে। এলাকাবাসীর অভিযোগ পেয়ে জেলা প্রশাসক কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য এনায়েতপুর থানা-পুলিশকে নির্দেশ দেন। সে অনুযায়ী পুলিশ অবৈধভাবে খননযন্ত্র (ড্রেজার) দিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেয়। কিন্তু কিছুদিন পর ওই চক্রটি আবার বালু উত্তোলন শুরু করে।গত শনিবার সরেজমিনে দেখা গেছে, এনায়েতপুর কাপড়ের হাটের পূর্বপাশে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন করে নৌকায় ভরা হচ্ছে। এ সময় নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, প্রথম দিকে দু-এক দিন বালু উত্তোলন বন্ধ ছিল। প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে খননযন্ত্র দিয়ে বালু উত্তোলন চলছেই।বালু উত্তোলনকারী দলের খোরশেদ সরকার জানান, বর্তমানে খননযন্ত্র দিয়ে না তুলে যমুনা নদীর ভেতর থেকে অল্প অল্প করে বালু কেটে নৌকা দিয়ে এনে বিক্রি করা হচ্ছে। একই রকম কথা বলেন দলের অপর সদস্য হাবীব সরকার। এনায়েতপুর থানার ওসি ওহেদুজ্জামান জানান, বালু উত্তোলন নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ কারণে জেলা প্রশাসক বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছেন। পূজা নিয়ে পুলিশ প্রশাসনের লোকজন ব্যস্ত থাকায় তাঁরা খননযন্ত্র দিয়ে আবার বালু তুলতে শুরু করেছিলেন। খবর পাওয়ার পর তা বন্ধ রাখতে বলা হয়েছে।জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জেলার সর্বত্র বালু উত্তোলন ও মাটি কাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ নির্দেশ অমান্য করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।