সিরাজগঞ্জে যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার পাঁচঠাকুরী এলাকায় যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের একাংশ গত বুধবার রাতে ধসে গেছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) গতকাল বৃহস্পতিবার সেখানে বালুভর্তি জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলা শুরু করেছে।
পাউবোর সিরাজগঞ্জ কার্যালয় ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টানা এক সপ্তাহ যমুনা নদীতে পানি বাড়ার পর তিন দিন ধরে তা কমতে থাকে। এতে পাঁচঠাকুরী এলাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধের শিমলা-২ নম্বর স্পার এলাকায় পানি বাধাগ্রস্ত হয়ে প্রচণ্ড ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়। বুধবার রাত নয়টার দিকে সেখানকার মাটির অংশটি ধসে পড়তে শুরু করে। এক ঘণ্টার মধ্যে প্রায় ৫০ মিটার ধসে যায়।
সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম বলেন, যমুনায় পানি কমতে থাকায় ওই এলাকায় পানি বাধাগ্রস্ত হয়ে প্রচণ্ড ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়। এ কারণে নিচ থেকে মাটি সরে গিয়ে বাঁধের মাটি ও সিসি ব্লক ধসে যেতে শুরু করে। গতকাল ভোর থেকে ওই স্থানে সিসি ব্লক ও বালুভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করেছে পাউবো। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পানি কমলে স্থানটি মেরামত করা হবে।