সিরাজগঞ্জে যমুনার তীর সংরক্ষণ বাঁধে ধস
যমুনার নদীর প্রবল স্রোতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ভাটপাড়ায় স্থায়ী তীর সংরক্ষণ বাঁধের প্রায় ৫০ মিটার নদীতে ধসে গেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাতটার দিকে বাঁধের পাশ থেকে নদীতে সিসি ব্লক দেবে যাওয়া শুরু করে। গতকাল সকাল আটটা পর্যন্ত বাঁধের প্রায় ৫০ মিটার অংশের সিসি ব্লক নদীতে চলে যায়।
কৈজুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, স্থায়ী তীর সংরক্ষণ বাঁধটি এ এলাকাকে সুরক্ষা দিত। রক্ষণাবেক্ষণে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বাঁধটি ধসে গেল। এ কারণে এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পাবনা সার্কেলের উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন বলেন, নদীর পানির ঘূর্ণির কারণে ওই জায়গায় আগেই গর্তের সৃষ্টি হয়েছিল। এ কারণে সিসি ব্লকগুলো ধসে যাওয়ায় তীর সংরক্ষণ বাঁধটি ধসে গেছে।
যমুনা তীরের ভাঙন রোধ করতে ২০১১ সালে শাহজাদপুরের মোনাকষা থেকে কৈজুরী হয়ে ভেড়াখোলা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করা হয়। পাউবো পাবনা সার্কেলের আওতায় ১১০ কোটি টাকা ব্যয়ে এ কাজটি করা হয়।