সিরাজগঞ্জে যমুনার ভাঙন, শতাধিক ঘরবাড়ি বিলীন
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আকস্মিকভাবে বৃদ্ধি পাওয়ায় নদীতীরবর্তী এলাকায় ভাঙনের তীব্রতা বেড়েছে। ইতিমধ্যে শতাধিক ঘরবাড়ি ও ২০০ বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনকবলিত এলাকায় সিসি ব্লক ফেলার নির্ধারিত তারিখ ২৬ মে পার হয়ে গেলেও এখন পর্যন্ত এই কাজ সম্পন্ন হয়নি।জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত তিন দিনে সিরাজগঞ্জের কাছে যমুনার পানির উচ্চতা প্রায় সাড়ে তিন ফুট বেড়েছে। এর ফলে জেলা শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টের ভাটিতে সদর উপজেলার মোল্লাবাড়ী ও বিয়ারা এলাকার এক কিলোমিটার এবং কাজীপুরের মাইজবাড়ী ও ঢেকুরিয়ায় আধা কিলোমিটার এলাকাজুড়ে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। বিয়ারা এলাকার নাছিম উদ্দীন ও কাজীপুর এলাকার শাহজাহান আলী জানান, হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙনের তীব্রতা বেড়েছে। স্রোতের কারণে নদীর পশ্চিম তীরের নিচের অংশের মাটি ধুয়ে সরে যাওয়ায় চাপ চাপ ধরে মাটি বসে যাচ্ছে। শহরের রাসেল মিয়া জানান, শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টের মাথায় পানির তীব্র স্রোত ও ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় বাঁধ ধসে পড়তে পারে।জানা গেছে, ইতিমধ্যেই ১০ লাখ সিসি ব্লক নির্মাণ ও এর অংশবিশেষ নদীতে ফেলা হয়েছে। বাঁধের বিভিন্ন স্থানে ব্লক ফেলা হলেও হার্ড পয়েন্টের মাথায় স্রোতের কারণে নৌকা ভেড়াতে না পারায় সেখানে ব্লক ফেলা হয়নি। এ এলাকায় নদীতে বড় চর থাকায় স্রোত পশ্চিম দিকে বাঁক নিয়ে হার্ড পয়েন্টের মাথায় আঘাত হানছে। পাউবোর মহাপরিচালক মো. হাবিবুর রহমান গত শুক্রবার ওই এলাকা পরিদর্শন করেছেন। শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টের কাজের দায়িত্বে থাকা বিশেষায়িত শাখার নির্বাহী প্রকৌশলী আবদুল মালেক বলেন, নতুন ঠিকাদার নিয়োগ করে বার্জের মাধ্যমে গতকাল রোববার থেকে সিসি ব্লক ফেলা হচ্ছে।হার্ড পয়েন্টের বাইরের কাজের দায়িত্বে নিয়োজিত পাউবোর উপবিভাগের বিভাগীয় প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, উজানে মাইজবাড়ী ও ঢেকুরিয়ার ভাঙন এলাকায় বালুভর্তি বস্তা ফেলে ভাঙন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কাজ অব্যাহত রয়েছে। ভাটি অঞ্চলের ভাঙন রোধে প্রকল্প তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।