সিরাজগঞ্জে যমুনার ভাঙন বাঁধে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী গ্রামে যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে গেছে। ভাঙন ক্রমশ এগিয়ে যাচ্ছে গ্রামের দিকে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী গ্রামে যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে গেছে। ভাঙন ক্রমশ এগিয়ে যাচ্ছে গ্রামের দিকে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করেছে। পানিতে টান ধরায় গত শনিবার থেকে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকার বন্যানিয়ন্ত্রণ বাঁধের প্রায় ৩০০ মিটার ধসে গেছে। পাঁচঠাকুরী গ্রামের প্রায় ২০০ মিটারের কাছে চলে এসেছে নদী। এলাকাবাসীর অভিযোগ, ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোনো ব্যবস্থাই নিচ্ছে না।
পাউবো ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, তিন দিন ধরে যমুনায় অস্বাভাবিকভাবে পানি কমছে। নদীর পশ্চিম তীরের বন্যানিয়ন্ত্রণ বাঁধের শিমলা স্পার থেকে বাহুকা পর্যন্ত এলাকার বাঁধের নিচের অংশ থেকে মাটি ও বালু সরে যাচ্ছে। গতকাল সোমবার পর্যন্ত বাঁধের প্রায় ৩০০ মিটার অংশ নদীর গর্ভে চলে গেছে। বাঁধের পাশের বেশ কিছু ঘরবাড়ি ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
পাউবোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম বলেন, ২০১৪ সালে নদীর তীর সংরক্ষণের কাজ শেষ হয়। কিন্তু গত বছরের বন্যায় বাঁধটিতে নতুন করে ভাঙন দেখা দেয়। এই এলাকায় এ বছর নতুন করে স্থায়ী তীর সংরক্ষণের কাজ শুরু করা হবে। তিনি আরও বলেন, যেখানে ভাঙন দেখা দিয়েছে, সেখানে ভাঙন রোধে বালুর বস্তা ফেলার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আকস্মিকভাবে পানি কমার গতি বেড়ে যাওয়ায় ভাঙন দেখা দিয়েছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।