সিরাজগঞ্জে যমুনায় আকস্মিক ভাঙন
সিরাজগঞ্জে কাজীপুর উপজেলার যমুনা নদীর পশ্চিম তীরবর্তী এলাকাসহ চরাঞ্চলে অসময়ে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহে খাস রাজবাড়ী ও যুক্তিগাছা দুটি গ্রামসহ তিন শতাধিক ঘরবাড়ি ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
এলাকাবাসী অভিযোগ করে বলেন, প্রতিদিন ভাঙন অব্যাহত থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই গ্রহণ করছে না।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে যমুনা নদীতে আকস্মিকভাবে পানি বৃদ্ধি পায়। এর ফলে নদীতে নদীর তীরের তলদেশ থেকে বালু মাটি সরে যাওয়ায় চাপ চাপ ধরে ভেঙে পড়ছে। ইতিমধ্যেই নদীতীরবর্তী উপজেলার সিংড়াবাড়ী-শুভগাছা-খুদবান্দি নদীতীরবর্তী এলাকা ও টুটুলের মোড়ে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। এ ছাড়া চরাঞ্চলের মাইজবাড়ি, খাসরাজবাড়ী ইউনিয়নের যুক্তিগাছা ও খাসরাজবাড়ি গ্রাম সম্পন্নসহ তিনটি গ্রামের তিন শতাধিক বাড়িঘর পাঁচ শতাধিক বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
শুভগাছা গ্রামের আমিনুল ইসলাম বলেছেন, সিংড়াবাড়ী থেকে শুরু করে খুদবান্দি পর্যন্ত ১০ কিলোমিটার অংশে ভাঙন চলছে। টুটুলের মোড় এলাকায় নদী থেকে বন্যানিয়ন্ত্রণ বাঁধ অল্প দূরে রয়েছে। ভাঙন অব্যাহত থাকলে বন্যানিয়ন্ত্রণ বাঁধও ধসে যাবে। এ বিষয়ে একাধিকবার পাউবোকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থাই গ্রহণ করছে না।
মাইজবাড়ী গ্রামের কৃষক ফজলুল হক বলেন, ‘জমিতে গম পেকে উঠেছিল। দুদিন পরই কেটে ফেলা যেত। আকস্মিকভাবে ভাঙন শুরু হওয়ায় এই গ্রামের প্রায় ৫০ বিঘা জমির গম নদীগর্ভে চলে গেছে। শুষ্ক মৌসুমে যমুনা নদীর এমন আগে কোনো দিন দেখি নাই। এবারই সবচেয়ে বেশি ভাঙন শুরু হয়েছে।’
মাইজবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, পূর্বদিকে যমুনা নদীর মাঝখানে বিশাল চর জেগে ওঠায় পানি বাধাগ্রস্ত হওয়ায় ভাঙনের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করেছে। নদী ভাঙনরোধে ব্রহ্মপুত্র বন্যানিয়ন্ত্রণ বাঁধের সংস্কারকাজে শত শত কোটি টাকা খরচ করা হলেও নদীর স্থায়ী তীর সংরক্ষণকাজ না করায় ভাঙন অব্যাহত রয়েছে।
এ ব্যাপারে স্থানীয় পাউবোর নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম বিষয়টি নিশ্চিত করে বলেন, যমুনা নদীর ভাঙন রক্ষায় সিংড়াবাড়ি-শুভগাছা-খুদবান্দি এলাকার নদীতীর সংরক্ষণ স্থায়ী কাজ নামে প্রকল্প তৈরি করা হয়েছে। একই সঙ্গে যমুনা নদীর মধ্যখানে মেঘাই থেকে শিমলা পর্যন্ত ১৩ কিলোমিটার নদী খননসহ কয়েকটি কাজের জন্য ৬০৩ কোটি টাকার প্রকল্প তৈরি করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পগুলো অনুমোদন হলে দরপত্র আহ্বান করে কাজ শুরু করা হবে। তবে এই বছরের মধ্যে কাজ করা না হলে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।