সিরাজগঞ্জে যমুনায় ডুবে মেডিকেল ছাত্রের মৃত্যু
সিরাজগঞ্জে যমুনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আজিজুল বারী তুষারের (২৩) মর্মান্তিক মৃত্যু হয়েছে। তুষার সিরাজগঞ্জ পৌর এলাকার ভাঙ্গাবাড়ি মহল্লার ব্যাংক কর্মকর্তা নুরুল ইসলামের ছেলে।
ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ রোববার বেলা আড়াইটার দিকে তুষার ও তাঁর কলেজের ২ বন্ধু যমুনা নদীতে (মতিন সাহবের ঘাট এলাকায়) গোসল করতে যান। গোসলের এক পর্যায়ে স্রোতের মধ্যে পড়ে তুষার নিখোঁজ হয়ে যায়। বাকি দুজন সাঁতরে কিনারে উঠতে পারলেও তুষারকে আর পাওয়া যায় না। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে রাজশাহী ও সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যার দিকে যমুনা নদীতে থাকা পল্টনের নিকট থেকে তুষারের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে নর্থবেঙ্গল মেডিকেল কলেজের পরিচালক আরমান আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধার করার পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।