সিরাজগঞ্জে যমুনায় ব্যাপক ভাঙন
বন্যার পানি কমতে থাকায় সিরাজগঞ্জের যমুনা নদীতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গত দুই দিনে যমুনা-তীরবর্তী এলাকায় দেড় শতাধিক বাড়িঘর ও ৩০০ বিঘা আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের শিকার শিমলা ২ নম্বর স্পার এখন নদীর মধ্যে দাঁড়িয়ে রয়েছে। যেকোনো মুহূর্তে এটি নদীগর্ভে চলে যেতে পারে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত দুই দিনে যমুনা নদীর পশ্চিম তীরবর্তী বাহুকা থেকে শিমলা পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় অর্ধশতাধিক বাড়িঘর বিলীন হয়েছে। বাগমোর নামক স্থানে যমুনা নদী থেকে বন্যানিয়ন্ত্রন বাঁধ মাত্র ১০ মিটার দূরে অবস্থান করছে। পানির স্রোত পশ্চিম তীরে আঘাত হানায় ভাঙনের তীব্রতা বেড়েই চলেছে।অন্যদিকে চৌহালী উপজেলা পরিষদের উজানে যমুনার পূর্বপারে ধলাই, আটাপাড়া, বোয়ালকান্দি ও ভাটিতে পাথরইল, খাশপুকুরিয়া, সম্ভুদিয়া, মেটুয়ানী, কয়রায় একই সময়ে শতাধিক বাড়িঘর ও কয়েক শ বিঘা আবাদি জমি বিলীন হয়েছে। সদর উপজেলার শিমলা গ্রামের ইয়াকুব আলী জানান, কিছুদিন আগে বন্যার পানিতে বাড়িঘর তলিয়ে গিয়েছিল। এখন আবার নদীতে ভাঙছে। এখন কোথায় যাবেন এই চিন্তায় আর ঘুম আসে না। চৌহালী উপজেলার খাশকাউলিয়া গ্রামের শিক্ষক জুয়েল মিয়া জানান, বরাদ্দ না থাকার অজুহাত দেখিয়ে পাউবো কর্মকর্তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। পাউবো সিরাজগঞ্জ কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, পানি কমতে থাকায় ও যমুনার মধ্যে চর পড়ায় শিমলা এলাকায় পানি সরাসরি নদীর পশ্চিম তীরে আঘাত হানছে। যে কারণে ভাঙনের তীব্রতা বাড়ছে। শিমলা স্পার এলাকায় বালুর বস্তা ফেলে ভাঙন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শুষ্ক মৌসুম ছাড়া ভাঙন এলাকায় কাজ করা আপাতত সম্ভব হবে না। তা ছাড়া বরাদ্দ না থাকায় অন্য এলাকাগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাও সম্ভব হচ্ছে না।