সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, লালমনিরহাটে ট্রাক উঠানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শাজাহানপুর উপজেলার টেংগামাগুর এলাকায় গতকাল বিকেলে কালভার্ট ভেঙে ধানবোঝাই একটি ট্রাক উল্টে যায়। এ ঘটনায় জালাল উদ্দিন নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন l ছবি: প্রথম আলো
বগুড়ার শাজাহানপুর উপজেলার টেংগামাগুর এলাকায় গতকাল বিকেলে কালভার্ট ভেঙে ধানবোঝাই একটি ট্রাক উল্টে যায়। এ ঘটনায় জালাল উদ্দিন নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন l ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জে গতকাল শনিবার তিনটি সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও একই পরিবারের তিনজনসহ মোট ছয়জন নিহত ও ১০ ব্যক্তি আহত হয়েছেন। বেপরোয়া গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ও বাসচাপায় তাঁরা হতাহত হন। এদিন লালমনিরহাটে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির উঠানে গিয়ে পড়লে এক শিশুসহ চালক নিহত হন।

গত শুক্রবার বিকেল থেকে গতকাল বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও চার জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে গত ১৫৯ দিনে দেশের বিভিন্ন জেলায় সড়কে প্রাণ গেল ১ হাজার ৫৯৯ জনের।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

সিরাজগঞ্জে গতকাল ভোর ও সকালে দুর্ঘটনা দুটি ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তাড়াশ উপজেলার নওগাঁ ইউপির চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি আমিরুল ইসলাম (৫৫), বাসের তত্ত্বাবধায়ক কুড়িগ্রামের মিরেরবাড়ি এলাকার মৃণাল চন্দ্র রায় (৩৫) ও বাসযাত্রী অজ্ঞাতনামা (৪০) ব্যক্তি।

সিরাজগঞ্জ-কাজীপুর সড়কের সোনামুখী মাদ্রাসার মোড়ে ভোর চারটার দিকে একটি যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে সুপারভাইজার মৃণাল ও অজ্ঞাতনামা বাসযাত্রী মারা যান। আহত হন ১০ জন। আহত ব্যক্তিদের উদ্ধার করে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে রডবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন সলঙ্গা থানার গোলকপুর গ্রামের কোরবান আলীর ছেলে মো. রওশন হোসেন ওরফে সাদ্দাম, সাদ্দামের ছেলে সিয়াম হোসেন (৭) ও তামিম হোসেন (২)। আহত ব্যক্তি হলেন সাদ্দামের স্ত্রী জলি খাতুন (২৫)। তাঁকে সিরাজগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা থেকে ট্রাকটি (১৪ চাকার) বগুড়া যাচ্ছিল। এই চারজন হেঁটে গোলচত্বর পার হওয়ার সময় ট্রাকটি তাঁদের চাপা দেয়। ট্রাকচালক মো. আবদুল জলিলকে আটক করা হয়েছে।

এর আগে সকালে জেলার তাড়াশের নওগাঁ ইউপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মোটরসাইকেলে সিরাজগঞ্জ শহরে যাচ্ছিলেন। সিরাজগঞ্জ-নলকা সড়কের শিয়ালকোলের বহুতী চারা বটতলায় পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কের ওপর পরে গুরুতর আহত হন। পরে সিরাজগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে দুপুরে মারা যান তিনি।

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির উঠানে গেলে নিহত হন ট্রাকচালক লোকমান হোসেন (৪৫) এবং শিশু পারভেজ (৬)। পারভেজ পূর্ব বিছনদই গ্রামের হাসান আলীর ছেলে। ট্রাকটি লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়ক দিয়ে যাওয়ার পথে দুপুরে ডাউয়াবাড়ী ইউনিয়নের ঘুণ্টিঘর নামকস্থানে সড়কের পাশে গাছ ভেঙে একটি বাড়ির উঠানে ঢুকে পড়ে। সেখানে মায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকা শিশুটি এর চাপায় নিহত হলেও মা পারভিন আক্তার বেঁচে যান। ঘটনাস্থলে নিহত হন ট্রাকের চালকও।

যশোর সদর উপজেলার বারীনগর বাজার এলাকায় যশোর-ঝিনাইদহ সড়কে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে গতকাল সকালে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হন মোটরসাইকেলের অপর এক আরোহী। নিহত সোহেল হোসেন (৩০) কম্পিউটার প্রকৌশলী। আহত সুজন সিকদার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী।

গাজীপুরের শ্রীপুরে গতকাল সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুলাইদ গ্রামের সোফিয়া কটন মিলের সামনে কাভার্ড ভ্যানচাপায় ডাচ্‌-বাংলা ব্যাংকের কর্মী মনিরুজ্জামান (৪৫) নিহত হন। তাঁর বাড়ি উপজেলার দক্ষিণ বারতোপা গ্রামে। তিনি মোটরসাইকেলে মাওনা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। আগের দিন রাতে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক গাড়ির সঙ্গে সংঘর্ষে নিহত হন ঝুট ব্যবসায়ী মো. জাকির হোসেন (৪০)। তিনি ঢাকার উত্তরা থেকে প্রাইভেট কার চালিয়ে বানিয়ারচালার বাড়ি ফিরছিলেন।

ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে ঢাকা-খুলনা মহাসড়কে শুক্রবার রাতে বাসের ধাক্কায় নিহত হন ট্রাকচালক মো. হানিফ মিয়া (২৫)। এ ঘটনায় বাসের ২৩ যাত্রী আহত হন। তাঁদের মধ্যে ১১ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়ার শাজাহানপুরে পৃথক দুর্ঘটনায় দুজনের প্রাণ গেছে। গতকাল দুপুরে নয়মাইল-টেংগামাগুর সড়ক থেকে বগুড়া-নাটোর মহাসড়কে ওঠার মুহূর্তে কালভার্ট ভেঙে ট্রাক উল্টে একটি দোকানঘরে ঢুকে পড়লে এর চাপায় জালাল উদ্দিন (৩৫) নামের সিএনজিচালিত থ্রি-হুইলারের এক চালক নিহত হন। অন্যদিকে ভোরে বগুড়া-নাটোর মহাসড়কের জামাদারপুকুর বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিসির একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী বুলু মিয়া (৫৫) নিহত হয়েছেন।