সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসে ডাকাতি
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা নগদ অর্থসহ স্বর্ণালংকার, ল্যাপটপ ও মুঠোফোনসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।পুলিশ ও যাত্রীরা জানান, শুক্রবার রাত ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী এস আর প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাত সোয়া তিনটার দিকে বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে। কড্ডার মোড় এলাকায় যাত্রীবেশে গাড়িতে থাকা সাতজন দেশীয় অস্ত্র নিয়ে চালককে ভয় দেখিয়ে গাড়িটির নিয়ন্ত্রণ নেয়। এ সময় যাত্রীদের কাছ থেকে নগদ পাঁচ লাখ টাকা, তিনটি ল্যাপটপ, ২৫টি মুঠোফোন ও স্বর্ণালংকারসহ প্রায় আট লাখ টাকার মালামাল নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কের নলকাব্রিজ এলাকায় রাত সাড়ে তিনটার দিকে তারা নেমে যায়।গাড়ির যাত্রী প্রথম আলোর বগুড়া কার্যালয়ের আঞ্চলিক বিক্রয় নির্বাহী জাকির হোসাইন বলেন, ডাকাতেরা অস্ত্রের মুখে চালক, সুপারভাইজার ও সহকারীকে গাড়ির পেছনে নিয়ে যায়। গাড়িতে নিরাপত্তা (কলাপসিবল) গেট থাকলে এমন ঘটনা ঘটত না।বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বঙ্গবন্ধু সেতুতে যাত্রীদের ভিডিও ধারণ করা হয়েছে। ফুটেজ দেখে ডাকাতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করা সম্ভব হবে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।