সিরাজগঞ্জে যুবকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জ-নলকা সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার শিলন্দা গ্রামে একটি স্পিনিং মিলের সামনে থেকে গতকাল বৃহস্পতিবার দেলদার হোসেন জনি (২৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি সিরাজগঞ্জ শহরের সয়াধারগড়া উত্তরপাড়ায়। সদর থানার পুলিশ ও জনির পারিবারিক সূত্র জানায়, স্ত্রী রোজিনা ও তিন বছরের মেয়ে জ্যোতিকে নিয়ে গত বুধবার সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিলন্দা গ্রামে ভগ্নিপতি মিলনের বাড়িতে বেড়াতে যান জনি। বিকেলে স্ত্রী ও মেয়েকে ভগ্নিপতির বাড়িতে রেখে ঘুরতে বের হন জনি। কিন্তু তিনি রাতে বাড়ি ফিরে যাননি। গতকাল সকালে সিরাজগঞ্জ-নলকা সড়কের সৈয়দ স্পিনিং মিলের সামনে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে জনির পরিবারের লোকজন লাশটি জনির বলে শনাক্ত করে। পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক জাকির হোসেন বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মারধর ও শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জনির স্ত্রী রোজিনা একটি হত্যা মামলা করেছেন।