সিরাজগঞ্জে যুবদলের সম্মেলনের সময় দুই পক্ষের সংঘর্ষ
জাতীয়তাবাদী যুবদলের সিরাজগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের সময় গতকাল মঙ্গলবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে সিরাজগঞ্জ শহরের ইবি রোড, ইসলামিয়া কলেজ রোড, জেসি রোড ও কলেজ রোড রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জেলা যুবদল ও সদর থানা সূত্র জানায়, সকাল ১০টার দিকে শহরের ভাসানী মিলনায়তনে যুবদলের সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। কাউন্সিলে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মির্জা মোস্তাফা জামান-মিলন ইসলাম খান এবং আবু সাইদ খান-মির্জা আবদুল জব্বারের দুটি প্যানেল অংশ নেয়।প্রথম পর্বের অনুষ্ঠানের শেষের দিকে কেন্দ্রীয় নেতারা কাউন্সিলর ছাড়া সব নেতা-কর্মীকে মিলনায়তন ত্যাগের নির্দেশ দেন। এ সময় কথাকাটাকাটির একপর্যায়ে দুই প্যানেলের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে মিলনায়তনের বাইরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এ সময় উভয় পক্ষ ইটপাটকেল, কিরিচ, দেশীয় ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের মনির হোসেন, মুরাদ, তপু, রনি, জুয়েল, আবদুল লতিফ, ফকরুল ইসলাম, সানু, আরিফসহ অন্তত ৩০ জন আহত হন। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বাইরে সংঘর্ষ চললেও মিলনায়তনের ভেতরে কাউন্সিল অধিবেশন চলতে থাকে। পরে জেলা যুবদল সভাপতি প্রার্থী মির্জা মোস্তফা জামান ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিলন ইসলাম খান কাউন্সিল বর্জন করে মিলনায়তন ত্যাগ করেন। পরে তাঁদের ছাড়াই ভোটাভুটির মাধ্যমে আবু সাইদ খানকে সভাপতি, মির্জা আবদুল জব্বারকে সাধারণ সম্পাদক ও আল আমিন খানকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠিত হয়। এ বিষয়ে মির্জা মোস্তফা জামান অভিযোগ করে বলেন, ‘ইকবাল হাসান মাহমুদ অবৈধভাবে নিজের মনগড়া বিভিন্ন উপজেলার কমিটি করে তাঁদের দিয়ে জেলা যুবদলের কমিটি গঠনের উদ্যোগ নেন। বিষয়টি জানতে পেরে কাউন্সিল বর্জন করে চলে আসি।’এ বিষয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘নিয়মতান্ত্রিকভাবে কমিটি করা হয়েছে। কোনো অনিয়ম হয়নি।’ সংঘর্ষ প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্মেলনের ভেতরে কোনো গণ্ডগোল হয়নি। হলের বাইরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি পক্ষ মারামারি করেছে।’সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি খ ম রকিবুল হাসানের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী, সাবেক সাংসদ আবদুল মান্নান তালুকদার, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম, সিনিয়র সহসভাপতি খন্দকার মোরতাজুল করিম, সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক প্রমুখ।এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ারেছ মিয়া জানান, জেলা যুবদলের কাউন্সিল নিয়ে দুটি প্যানেল সমর্থকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ব্যাপারে কেউ মামলা করতে আসেনি।