সিরাজগঞ্জে যুবলীগ কর্মী রতন হত্যার অভিযোগে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে যুবলীগের কর্মী মনিরুল ইসলাম ওরফে রতন মিয়া হত্যায় জড়িত থাকার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত কয়েক দিনে জেলা গোয়েন্দা শাখার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। গতকাল শনিবার ওই তিনজনকে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় তাঁরা হত্যার পরিকল্পনা ও বিবরণ তুলে ধরেন। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন: কামারখন্দ উপজেলার খামার বড়ধুল গ্রামের আরিফুল ইসলাম ওরফে রিপন (২৮), সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার রুহুল আমিন ওরফে প্লাবন (২২) ও সলঙ্গা থানার এরানদহ গ্রামের আরিফুর রহমান ওরফে মাসুম (২২)। রিপন জানান, তিনি ও রতন বন্ধু ছিলেন। একটি মুঠোফোন রেখে তিনি রতনের কাছ থেকে নয় হাজার টাকা ধার নেন। ছয় হাজার টাকা পরিশোধ করলেও মুঠোফোনটি ফেরত দেননি রতন। এ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। প্লাবন জানান, রতন তাঁর প্রেমিকার সামনে তাঁকে অপমান করেন এবং নগদ টাকা ও মুঠোফোনের সেট ছিনিয়ে নেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে তিনি, রিপন, মাসুম ও রাশেদ মিলে রতনকে হত্যার পরিকল্পনা করেন। গত ২৩ অক্টোবর রাতে তাঁরা রতনকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকায় নিয়ে হত্যা করেন। পুলিশ সুপার হুমায়ন কবীর জানান, গত ২৪ অক্টোবর সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই পুলিশ বাদী হয়ে ওই থানায় হত্যা মামলা করে। জেলার ডিবি পুলিশকে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তারা রতনের মুঠোফোনের কলের তালিকা পরীক্ষা করে ৩০ অক্টোবর রিপনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। রিপনের দেওয়া তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে প্লাবন ও মাসুমকে তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রাশেদ পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তার করার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। আটক হওয়া তিনজনকে রতন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত বৃহস্পতিবার এ হত্যাকাণ্ডের ঘটনায় আরও একটি মামলা দায়ের করার ঘটনাকে কেন্দ্র করে রতনের ভাই মানিক মিয়ার নেতৃত্বে হামলায় উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়াসহ তিনজন আহত হন। এ নিয়ে গতকাল শনিবার ‘ছাত্রলীগের নেতাসহ গ্রেপ্তার ৫, হামলায় উপজেলা চেয়ারম্যান আহত’ শিরোনামে সংবাদ ছাপা হয়।