সিরাজগঞ্জে যুবলীগের কর্মীসহ দুজনের লাশ উদ্ধার
সিরাজগঞ্জে যুবলীগের একজন কর্মীসহ দুই ব্যক্তির লাশ গতকাল রোববার উদ্ধার করা হয়েছে। আগের দিন শনিবার রাতের যেকোনো সময় তাঁদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তিরা হলেন: শাহজাদপুর উপজেলার রাউতারা গ্রামের আবদুর রাজ্জাক মৃধা (৬৫) ও এনায়েতপুর থানার বেতিল গ্রামের যুবলীগের কর্মী আমিরুল (২৫)। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের রাউতারা গ্রামের আবদুর রাজ্জাককে গত শনিবার রাতে কে বা কারা বাড়ি থেকে ডেকে নেয়। ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল এলাকাবাসী স্থানীয় একটি খালের পাড়ে তাঁর লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। ওসি মতিয়ার আরও জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্ববিরোধের জের ধরে আবদুর রাজ্জাককে হত্যা করা হয়ে থাকতে পারে। এনায়েতপুর থানার ওসি ওয়াহিদুজ্জামান জানান, বেতিল চর এলাকার ওয়ার্ড যুবলীগের নেতা আমিরুল ইসলাম শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন। গতকাল বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে শাহজাদপুর উপজেলার যমুনা নদীর বেনুটিয়ার চরে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তাঁর শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা তাঁকে ডেকে নিয়ে হত্যার পর লাশ নদীতে ফেলে পালিয়ে যায়। দুটি ঘটনায় শাহজাদপুর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।