সিরাজগঞ্জে রেলপথের দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে অবস্থিত শহীদ এম মনসুর আলী স্টেশন পর্যন্ত বাইপাস রেলপথ, সিরাজগঞ্জ থেকে বগুড়া রেলপথ ও শহরের রায়পুরে রেল জংশন স্থাপনের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের বাজার রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এ মানববন্ধন হয়।
সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন। স্টেশন চত্বরে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সামনে এক ঘণ্টার এ মানববন্ধন হয়। এতে ট্রেনটি এক ঘণ্টা বিলম্বে স্টেশন ছাড়ে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক জহুরুল হক, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জাসদের নেতা আবু বকর ভূঁইয়া, বাসদের নেতা নব কুমার কর্মকার, আসাদ উদ্দিন, মোমিন বাবু, হেলাল আহমেদ প্রমুখ।