সিরাজগঞ্জে র্যাব পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
সিরাজগঞ্জ পৌর এলাকার চর রায়পুরে র্যাব পরিচয়ে চাল ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা টাকা, স্বর্ণালংকার, মোটরসাইকেলসহ সাড়ে পাঁচ লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে যায়। গত সোমবার রাত সোয়া দুইটার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে।
থানা পুলিশ ও গ্রামবাসী জানান, সোমবার রাত সোয়া দুইটার দিকে চর রায়পুর এলাকার চাল ব্যবসায়ী নজরুল ইসলামের বাড়ির গ্রিলের তালা ভেঙে ১৫-২০ জনের একদল ডাকাত ভেতরে ঢোকে। ডাকাতেরা ভেতরে ঢুকে তাদের র্যাব এবং গোয়েন্দা সংস্থার সদস্য হিসেবে পরিচয় দেয়।
এ সময় বাড়িতে অবৈধ মালামাল আছে জানিয়ে তল্লাশি করা হবে বলে জানানো হয়। একপর্যায়ে ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে মালামাল লুট শুরু করে। এ সময় তারা সাত ভরি স্বর্ণালংকার, ২৫ হাজার টাকা, একটি মোটরসাইকেল, মুঠোফোনসহ সাড়ে পাঁচ লক্ষাধিক টাকার মালমাল নিয়ে পালিয়ে যায়।
সিরাজগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে র্যাব পরিচয়ে ডাকাতির ঘটনার কথা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।