সিরাজগঞ্জে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাবলু মিয়া (৩২) নামের একজন নিহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের কাটা ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলামের দাবি, নিহত বাবলু সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে সদর থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। সম্প্রতি সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি।

ঘটনা সম্পর্কে সিরাজগঞ্জ র্যাব-১২-এর কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার অশোক পাল জানান, সিরাজগঞ্জের কয়েকজন শীর্ষ সন্ত্রাসী অস্ত্রসহ শহরের কাটা ওয়াপদার চায়না হারবার বালির পয়েন্টে জড়ো হয়েছেন—এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গতকাল রাত সোয়া দুইটার দিকে ওই এলাকায় যায়। এ সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে দুই পক্ষের মধ্যে প্রায় ১৫ মিনিট গুলিবিনিময় হয়। এই বন্দুকযুদ্ধে বাবলু নামের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি শটগান ও  বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সদর থানার ওসি জানান, খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে লাশটি সদর থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর লাশ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।