সিরাজগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পূর্ববাংলার আঞ্চলিক কমান্ডার নিহত
র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) সিরাজগঞ্জের আঞ্চলিক কমান্ডার খোরশেদ আলম (৪০) নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে জেলার কামারখন্দ উপজেলার চর টেংরাইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সিরাজগঞ্জ র্যাব-১২-এর পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, খোরশেদ দলবল নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন—এমন সংবাদ পেয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১২) উপসহকারী পরিচালক মফিজ উদ্দীনের নেতৃত্বে র্যাবের একটি দল রাত আড়াইটার দিকে চর টেংরাইল গ্রামে উপস্থিত হয়। সেখানে পৌঁছামাত্র খোরশেদ তাঁর দলবল নিয়ে র্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। র্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় র্যাবের গুলিতে খোরশেদ ঘটনাস্থলেই মারা যান। তবে তাঁর সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় খোরশেদের পরিচয় নিশ্চিত করে কামারখন্দ থানার পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়। তাঁর বাড়ি কামারখন্দের জটিবাড়ি রসুলপুর গ্রামে।র্যাব-১২ সিরাজগঞ্জের কোম্পানি অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার রবিউল হাসান বলেন, খোরশেদ আলম পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) সিরাজগঞ্জের আঞ্চলিক কমান্ডার। তাঁর বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ ১১টি মামলা রয়েছে।